বাকেরগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর সংশয় প্রকাশ, প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের-৬ (বাকেরগঞ্জ) আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার ও অসহযোগীতার অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন।
বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন লিখিত বক্তব্য তুলে ধরে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামীকাল ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের নির্বাচনী এজেন্ট নিয়োগ করা নিয়ে ১০ ফেব্রুয়ারী মঙ্গলবার ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজারে আতাউর রহমানের বাসায় আলোচনা সভা চলছিল। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি কাইয়ুম খান, সাবেক সাধারণ সম্পাদক মীর মনির, কবির সন্যামত, সাংগঠনিক সম্পাদক টিটু মল্লিক, ছাত্রদল নেতা সজীব মোল্লা, দুলাল হাওলাদার বজলুর শিকদারসহ ২০-২৫ জন অতর্কিত হামলা চালিয়ে জামাত ইসলামের কর্মী মিরাজ, মঞ্জুর ইসলাম আজাদী, রমিজ সিকদার, জসিম হাওলাদার, সাইফুল ইসলাম, কামাল হোসেন খান, জাফরুল্লাহসহ ৭-৮ জনকে পিটিয়ে আহত করে। একই দিনে গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে হামলা চালিয়ে কর্মী সাকিবুল ইসলাম সুমনকে আহত করে।
লিখিত বক্তব্য তিনি বলেন, প্রতিদ্বন্দী বিএনপি’র প্রার্থী কর্মী সমর্থকরা ১১ দলীয় জোট প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো হামলার পর তিনি স্থানীয় প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও পাননি। তিনি বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম মোল্লা বিএনপি’র লোক। মঙ্গলবার রাতে স্থানীয় রাজনীতির প্রতিহিংসার জের ধরে সাজ্জাদুল ইসলাম মোল্লার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে জামায়াতের টাকা বিতরণের কথা বলে অপপ্রচার চালায়। সাজ্জাদ মোল্লা বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেন খানের খানের সম্পর্কে বেয়াই। সুতরাং বিএনপি মনোনীত প্রার্থীর বেয়াই বিএনপি’র পক্ষেই টাকা বিতরণ করার কথা।
সংবাদ সম্মেলনে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ অনুষ্ঠানে নির্বাচনী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলনিরপেক্ষ পেশাদার ভূমিকা পালন করা আহ্বান জানান।