একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বাস্তবে রূপ নেবে - Alokitobarta
আজ : রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বাস্তবে রূপ নেবে


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:যেখানে চাঁদাবাজি, ঘুস ও দুর্নীতির কোনো জায়গা থাকবে না। আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি হবেন, তারা প্রতিবছর একবার আয়-ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকবেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা নেব না।জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চিত্র সম্পূর্ণ বদলে যাবে। তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ বাস্তবে রূপ নেবে। স্বল্পমূল্যে প্লট নেব না। বিনা ট্যাক্সের গাড়ি কিনব না। শনিবার বিকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এছাড়াও এদিন তিনি হবিগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় ভাষণ দেন।সিলেটের জনসভায় বক্তব্যের শুরুতে সিলেটি ভাষায় সবাইকে সম্ভাষণ জানিয়ে সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী আখ্যা দিয়ে তিনি বলেন, হজরত শাহজালাল (রহ.) জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে এই সিলেটে এসেছিলেন। আমরাও সেই ধারার উত্তরসূরি।

তিনি দৃঢ়কণ্ঠে বলেন, বাংলাদেশের এক ইঞ্চি জমিতেও কেউ আর চাঁদাবাজির সাহস পাবে না এবং কোনো অফিস-আদালতে ঘুস নেওয়ার সুযোগ বা সাহস থাকবে না। দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ৫৪ বছরে সব আমলেই রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে। গত দেড় দশকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে এবং জনগণের টাকা যারা চুরি করেছে, দায়িত্ব পেলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা দুনিয়ার যেখানেই থাকুক, সেই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। কারণ, দুর্নীতি ও চুরি বন্ধ হলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি বলেন, রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত না করে শুধু শাস্তি দেওয়া ন্যায়সংগত নয়। আগে ন্যায্য সুযোগ সৃষ্টি করতে হবে, এরপর কেউ লোভে অপরাধ করলে তার বিচার হবে।

সিলেটের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, খনিজসম্পদে ভরপুর হয়েও সিলেটবাসী ন্যায্য হিস্যা পাচ্ছে না। এখনো সব এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছেনি, নদীগুলো হত্যা করে কঙ্কাল বানানো হয়েছে। বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে পানির সংকটে মানুষ ভোগে, নিরাপদ পানির সংকট এবং ড্রেনেজ সমস্যায় নগর ডুবে যায়। মদ, গাঁজা ও অস্ত্র সিলেটকে অস্থির করে তুলেছে। দায়িত্ব পেলে এসব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। শুধু নদী খনন নয়, নদীবান্ধব বাংলাদেশ গড়া হবে।

প্রবাসী অধ্যুষিত সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ফ্লাইট না নামার সমালোচনা করে তিনি বলেন, নামেই নয়, কাজেও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে। প্রবাসীদের সম্মান ও অধিকার রক্ষা করা হবে। ‘জাল যার জলা তার’ নীতি বাস্তবায়ন করে জেলেদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সুনামগঞ্জসহ হাওড় এলাকার অবহেলা দূর করা হবে।

চা বাগানের শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, চা বাগানের নারী-পুরুষ ও তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও মর্যাদার দায়িত্ব রাষ্ট্র নেবে। মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে শ্রমিকের সন্তানও একদিন দেশের শীর্ষ নেতৃত্বে পৌঁছাতে পারবে। তিনি বলেন, সিলেটের সন্তান হিসাবে জনগণের একজন হয়ে কথা বলছি, একবার সুযোগ দিলে জামায়াত দেশের মালিক হবে না, জনগণের চৌকিদার হিসাবে দায়িত্ব পালন করবে। যার যে মর্যাদা, তা নিশ্চিত করবে।

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। শেষে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন আসনের জামায়াত ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

সমাবেশে নারীদের অংশগ্রহণ : জামায়াতের সমাবেশে এমন দৃশ্য দেখা যায়নি আগে। এবারই প্রথম দলটির সমাবেশে প্রকাশ্যে অংশ নিলেন নারীরা। আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মাঠে নারীদের জন্য আলাদা জায়গা নির্ধারিত ছিল। মাঠের উত্তরদিকের একটি অংশকে বাঁশের বেড়া দিয়ে আলাদা করা হয়েছিল। এ জায়গা ছিল শুধু নারীদের। এখানে পুরুষদের প্রবেশ করতে দেওয়া হয়নি। নারীদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা ছিল। জামায়াত নেতারা জানিয়েছেন, নারীদের জন্য ৫ হাজার চেয়ার রাখা হয়েছিল। সিলেটে জামায়াতের কোনো সমাবেশে এবারই প্রথম নারীরা অংশ নিয়েছেন জানিয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের দেশে একটি বিশালসংখ্যক ভোটার হচ্ছেন নারী। এজন্য তাদের অংশগ্রহণের মাধ্যমেই এবার সমাবেশের আয়োজন করা হয়েছে।

হবিগঞ্জ : হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন জানান, জামায়াত আমির বলেছেন, দফায় দফায় যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তারা যদি ভালো কিছু করে থাকেন, এটিও তাদের কৃতিত্ব। অপকর্ম যদি কিছু থাকে, তারও দায় তাদের। কেউ কোনো কিছু ভালো করেনি, তা আমি বলব না। কিন্তু যে মাটির নিচে সম্পদ আছে, মাটির ওপরে সম্পদ আছে, পানিতে সম্পদ আছে, যে দেশের মানুষের হাতের ছোঁয়ায় দুনিয়ার বিভিন্ন দেশের মানুষের কপাল বদলে যায়, সেদেশের মানুষের কপাল বদলায় না কেন। এর পেছনে মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। শনিবার বেলা ১১টায় হবিগঞ্জ নিউ ফিল্ড মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমির এসব কথা বলেন। জেলা জামায়াত আমির মাওলানা কাজী মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হবিগঞ্জ-৩ আসনের প্রার্থী কাজী মহসিন আহমদের সঞ্চালনায় এতে ডা. শফিকুর রহমান জেলার ৪টি আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দিয়ে তাদের পক্ষে ভোট চান।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি হবেন, তারা প্রতিবছর একবার আয়-ব্যয়ের হিসাব দিতে বাধ্য থাকবেন। তাদের পরিবারের প্রত্যেক সদস্যেরও আয়-ব্যয়ের হিসাব দিতে হবে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুযোগ-সুবিধা নেব না। কোনো প্লট স্বল্পমূল্যে নেব না। বিনা ট্যাক্সের গাড়ি কিনব না। সাধারণ জনগণ যেভাবে চলে, আমরাও সেভাবেই চলব। প্রয়োজনে রিকশায় চড়ব। টাকা না থাকলে হেঁটে চলব। আমরা দেখছি, এদেশে বংশানুক্রমে রাজার ছেলে রাজা হয়, রানির ছেলে রানি হয়। আমরা সে ধারা পালটে দিতে চাই।

তিনি বলেন, আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে চাঁদাবাজের হাত বন্ধ করে দেব। রাজধানীতে ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হয়। এরা কোন স্তরের প্রাণী। রাজনীতি আমাদের পেশা নয়। আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। যারা রাজনীতিকে পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠন এগুলো তারা করে।

কুলাউড়া (মৌলভীবাজার) : কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি আজিজুল ইসলাম জানান, জামায়াত আমির বলেছেন, ১২ ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশকে বদলে দেওয়ার। এটা ’২৪-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এই ভোটের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাব। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়। কুলাউড়ার সন্তান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ফুটবল মাঠে ১১ দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, নিঃশর্ত একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ-বিদেশ থেকে আমাকে কুলাউড়ায় নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুটি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবে এমপি। তবে ছায়া এমপি হিসাবে আমিও থাকব তার পাশে। সুতরাং আপনারা এখানে দুজন এমপি পাবেন।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামির আলীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, লেবার পার্টি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শাহ মাছুম ফারুকী, এনসিপি মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর প্রমুখ।

Top