স্বৈরাচারের দোসররা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করবে, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী - Alokitobarta
আজ : বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

স্বৈরাচারের দোসররা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করবে, প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী


নুর নবী জনী:দেশে জাতীয় নির্বাচনের জন্য খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আছে। ছোট-বড় সব দল সমানভাবে প্রচারের কাজ চালাচ্ছে। এক্ষেত্রে সরকার কোনো দলকে বিশেষ বা অতিরিক্ত কোনো সুবিধা দিচ্ছে না। ২২ জানুয়ারির পর বিষয়টি পরিষ্কার বোঝা যাবে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেছেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান ইভার্স ইজাবস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছেন, পতিত স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভন্ডুলের চেষ্টা করবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে। একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ইসি এবং প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। শফিকুল আলম বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকার প্রচার চালাবে। এক্ষেত্রে আইনগত বাধা নেই। ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

শফিকুল আলম বলেন, ইউরোপীয় ইউনিয়নের মিশন রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে। আগামী নির্বাচনে তারা বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত খুব ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না। তিনি বলেন, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এরপর তাদের লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যাবে। তবে নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে অপতথ্য (মিসইনফরমেশন) ছড়াতে পারে। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত। এ বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে। সাইবার জগতের গুজব মোকাবিলায় বিশেষ সেল কাজ করছে। তিনি বলেন, ‘বাংলাদেশে দু-একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে।’ তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল চাঙা রয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে বড় তিনটি ইভেন্ট তারা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছে। এছাড়াও নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি (ক্লোজ সার্কিট ক্যামেরা) থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অ্যাপস তৈরি করা হচ্ছে। ফলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা সে বিষয়ে আইন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট চাইতে পারে। এ বিষয়ে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। প্রেস সচিব জানান, ইইউ পর্যবেক্ষক দলের প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। গণভোট নিয়ে কথা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধানও বলেছেন, ‘হ্যাঁ’ ভোটটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার এজেন্ডা বাস্তবায়ন হবে। মিশন প্রধান জানিয়েছেন, ইউরোপীয় পর্যবেক্ষক দল এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তারা সব জায়গায় মনিটরিং এবং বড় বড় রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে। অন্যান্য অংশীজনের সঙ্গেও কথা বলবে। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা মিশনকে জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, পারিবারিক কলহে নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের শিকার হলেও এটাকে সাম্প্রদায়িক হামলা বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন। কিন্তু তারা ঘটনাটি যাচাই-বাছাই করেননি। এটি দুঃখজনক। ফলে এ ধরনের বিবৃতি জেনেবুঝে দেওয়ার অনুরোধ জানাই।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার সাক্ষাৎ করেছেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী ও ‘ফাউন্ডেশন ফর এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’র প্রধান আকি আবে। বর্তমানে আকি আবে তার ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বাংলাদেশে অবস্থান করছেন। সাক্ষাৎকালে আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার দীর্ঘদিনের ব্যক্তিগত ও আন্তরিক সম্পর্কের স্মৃতিচারণ করেন। আলাপকালে তিনি নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার ভবিষ্যৎ পরিকল্পনা ও কাজের ধরন সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা আকি আবেকে জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিশেষ ক্ষেত্রে মনোযোগ দেবেন। ডিজিটাল হেলথকেয়ার : দেশের নারী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সহজ করতে একটি ডিজিটাল হেলথকেয়ার সিস্টেম গড়ে তোলা হবেসাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আকি আবেকে জানান, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফরে যাবেন। ‘সাসাকো ফাউন্ডেশনের’ আমন্ত্রণে আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দেবেন তিনি। এই ফাউন্ডেশনটি মূলত সমুদ্র গবেষণা (ওশেন রিসার্চ) নিয়ে কাজ করে। ওই সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিগত ও গবেষণামূলক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

Top