৮ দলের আসন সমঝোতায় নতুন করে যুক্ত হয়েছে এনসিপি ও এলডিপি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

৮ দলের আসন সমঝোতায় নতুন করে যুক্ত হয়েছে এনসিপি ও এলডিপি


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন,৮ দলের আসন সমঝোতায় নতুন করে যুক্ত হয়েছে এনসিপি ও এলডিপি। তিনি বলেন, আমাদের এই সমঝোতাকে রাজনৈতিক বা নির্বাচনি জোট না বললেও এটি জাতির দীর্ঘস্থায়ী মুক্তির দিকে এগিয়ে যাওয়ার সমঝোতা। এলডিপির চেয়ারম্যান ড.কর্নেল (অব.)অলি আহমদের উপস্থিতিতে রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ৮ দল আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন,এনসিপির সঙ্গে আমাদের বৈঠকে চূড়ান্ত সমঝোতা হয়েছে। তারাও সংবাদ সম্মেলন করে বিষয়টি জানাবেন।এ সময় এনসিপির একটি দলীয় সভা থাকার কথা উল্লেখ করেন জামায়াতের আমির।

এর আগে রাজধানীর মগবাজারে ৮ দলের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে আসন সমঝোতা নিয়ে মীমাংসায় আসা সম্ভব হয়নি বলে জানা যায়। সূত্র জানায়, চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনের প্রার্থী ও আসনের বিষয়ে অন্য সমমনা দলগুলো একমতে পৌঁছাতে আরও সময় গড়াবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে জামায়াতের নেতৃত্বাধীন জোটের তরফ থেকে ইসলামী আন্দোলনের জন্য ৩৫টি আসন দেওয়ার বিষয়ে অন্য দলগুলো একমত হলেও ইসলামী আন্দোলন তাতে সম্মত হয়নি বলে শেষ খবর পর্যন্ত জানা যায়। এ কারণে রোববার বিকালের সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করা সম্ভব হয়নি। তবে তাদের উভয় পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে।সংশ্লিষ্ট একটি সূত্রের আভাস, ইসলামী আন্দোলন নির্বাচনি সমঝোতায় পুরোপুরি না এলে কয়েকটি আসন বাদ রেখে ‘আসন বণ্টন’ ঘোষণা করা হতে পারে আজ। এক্ষেত্রে ৯ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত সমঝোতা প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে।

এদিকে আসন সমঝোতার বিষয়টি জটিল কিছু নয় বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তিনি বলেন, দরকষাকষি তো থাকবেই। তবে ধরে নিতে পারেন, মীমাংসা হয়েই গেছে। কারণ, এটা মীমাংসা না হওয়ার বিষয় নয়। আমাদের লক্ষ্য তো এক ও অভিন্ন।সংবাদ সম্মেলনে এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ ছাড়াও খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের মুজিবুর রহমান হামিদীসহ ৮ দলের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের লক্ষ্য-যারা পাশ করার রেসে (দৌড়) এগিয়ে আছেন, ৩০০ আসনের জন্য তাদের প্রার্থী হিসাবে বাছাই করা। এনসিপি ও এলডিপি ছাড়াও আমাদের সঙ্গে আসন সমঝোতায় আরও অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা তাদের সবাইকে নিতে পারছি না। এজন্য দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, দলভিত্তিক আসন সমঝোতা নিয়ে অল্প একটু সমস্যা আছে। তবে এ সমস্যা কেটে যাবে। কোনো সমস্যা হবে না বলে আমরা সবাই মনে করি।

জামায়াতের আমির বলেন, আমাদের এই সমঝোতা জাতির দীর্ঘস্থায়ী মুক্তির দিকে এগিয়ে যাওয়ার সমঝোতা। এর সূচনা হয়েছে চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার মধ্য দিয়ে। অসংখ্য শহীদের রক্ত এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের ত্যাগের বিনিময়ে এই পরিবেশ তৈরি হয়েছে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমদের লক্ষ্য। এর ব্যত্যয় হলে জাতি আমাদের ক্ষমা করবে না, যোগ করেন তিনি। ১০ দলের মধ্যে আসন সমঝোতায় কে কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন-এমন প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, আপনারা শীঘ্রই এটা জানতে পারবেন। তিনি বলেন, এটা ন্যায্যতার ভিত্তিতে নির্ধারণ হবে। জামায়াত শরিকদের জন্য কতটি আসন ছাড় দেবে-এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে তিনি বলেন, শীঘ্রই তা জানতে পারবেন।

Top