ইসলামী ছাত্রশিবির সভাপতি সাদ্দাম সেক্রেটারি সিবগা
মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ : ২০২৬ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। পরে সেক্রেটারি জেনারেল হিসাবে সিবগাতুল্লাহকে মনোনীত করা হয়েছে। শুক্রবার বেলা ৩টায় ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন ফলাফল ঘোষণা করেন। সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়। পরে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
ছাত্রশিবিরের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসাবে মনোনয়ন দেন। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি এর পূর্বে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং নর্দান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন। সিবগাতুল্লাহ ইতঃপূর্বে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।