জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিনন্দন
মু.এবি সিদ্দীক ভুঁইয়া:দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। তারা বলেছেন, ‘তারেক রহমানের আগমন দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে। রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম!’ এছাড়া তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি যুগান্তরকে বলেন, ‘তারেক রহমান এ দেশের নাগরিক। তিনি অনেকদিন পরে দেশে ফিরেছেন। এতে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হবেন। তিনি (তারেক রহমান) দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশা করি। আমরা তাকে স্বাগত জানাই।তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, একজন রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন। তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই, যেখানে ভবিষ্যতে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের যাতে রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্য দিয়ে যেতে হবে না।
তিনি আরও লেখেন, ‘বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা আজ যে মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে বলে আমরা বিশ্বাস করি। ?নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার আগমন দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে বলে আমরা আশা করি। কারণ দেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে বিএনপির মতো বৃহৎ একটি দল সরাসরি নেতৃত্ব বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সেই শূন্যতা পূরণ হবে বলে আশা করা যায়।
তিনি বলেন, ‘১৭ বছর পরে তারেক রহমানের আগমনের মর্মে আরেকটি নির্মম সত্য আছে, সেটা হলো-সহিংস ও প্রতিহিংসার রাজনীতি। পতিত ফ্যাসিস্টের প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত হোক সেই প্রচেষ্টা তারেক রহমানসহ আমাদের সবার চালিয়ে যেতে হবে। আশা করি তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থতায় অবদান রাখবেন।পীর সাহেব চরমোনাই বলেন, ‘তারেক রহমান তার বক্তব্যে নিজস্ব প্ল্যান থাকার কথা বলেছেন। সেই প্ল্যানে ইতিবাচক সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির বিকাশ এবং ফ্যাসিবাদের চিরস্থায়ী বিলোপের বন্দোবস্ত থাকবে বলে আমরা আশা করি।
তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়েছেন খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের। তিনি বলেন, ‘তারেক রহমানের আগমনকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। তার আগমনে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হবেন।তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করার পাশাপাশি রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে। তার (তারেক রহমান) দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করি।জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘দেশের জনগণ দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে আসছে, তা পূরণে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার ভাষণে দেশের মানুষ আশাবাদী হয়ে উঠেছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘তারেক রহমান সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান, গণতন্ত্রের পথে হাঁটতে চান। এই বার্তাটা তিনি স্পষ্টভাবে দেশবাসীকে দিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের কথা বলেছেন। শহীদদের কথা বলেছেন। ২৪-এর গণ-অভ্যুত্থানের কথা বলেছেন। আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে কথা বলেছেন। তার বক্তব্যে সামগ্রিক বিষয় উঠে এসেছে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল ক্কাফী রতন বলেন, ‘আমরা আশা করছি তারেক রহমান দেশের গণতন্ত্র এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করবেন। নব্বইয়ের পর আমরা জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছি। ২৪-এর গণ-অভ্যুত্থানের পরেও আমরা ব্যর্থ হয়েছি। তারেক রহমান তার বক্তব্যে আশার বাণী শুনিয়েছেন। আমরা আশা করছি তিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ উপহার দিতে সচেষ্ট থাকবেন।’
বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলের মধ্যে সংযম, পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং জনগণের আস্থাভাজন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার বার্তা দিয়েছেন তারেক রহমান।