জমিয়তকে চারটি আসন ছেড়ে দিল বিএনপি - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

জমিয়তকে চারটি আসন ছেড়ে দিল বিএনপি


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। আসনগুলো-সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪। তবে দল ছাড় দিলেও বিএনপি নেতারা ছাড় দিতে নারাজ। ওই সব আসনে তারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা রয়েছেন। তবে নীলফামারী-১ আসনে দলের ছাড় দেওয়াকে ইতিবাচক হিসাবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এদিকে, কয়েকটি মিত্র দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে আজ-কালের মধ্যে আরও কয়েকটি আসন ছেড়ে দেওয়ার কথা রয়েছে বিএনপির।মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দলটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসেন কাসেমীকে ছেড়ে দেওয়া হয়েছে। এসব আসনে তারা তাদের দলীয় ‘খেজুর গাছ’ প্রতীকে নির্বাচন করবেন। জমিয়তে উলামায়ে ইসলামকে ‘সর্ব প্রাচীন দল’ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, এসব আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। অন্য সব আসনে জমিয়তে উলামায়ে ইসলাম তাদের কোনো প্রার্থী রাখবে না।

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে শরিকদের আসনে কেউ প্রার্থী হলে তাকে বহিষ্কারসহ কঠোর সাংগঠনিক শাস্তির মুখোমুখি হতে হবে।

এছাড়া ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে মিত্রদের কয়েকজন দু-এক দিনের মধ্যে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি আলোচনায় আছে। ইতোমধ্যে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলের শীর্ষ কয়েকজন নেতা তাদের দলীয় পদ ছেড়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন তারা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ-সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সিলেট-৫ আসনে স্বতন্ত্র নির্বাচনের কথা জানিয়েছেন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন। নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বিএনপির দুই নেতা।

ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টার জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার বিকালে মোবাইল ফোনে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই আমি নির্বাচন করব। বড় দলকে (বিএনপি) তাদের ভালো-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছেন আসন না দিলে কেমন করে জোট হবে! দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে। দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে-বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারব না। তবে মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব। আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফরম নেওয়া হবে। আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনো আমার সঙ্গে আছে। তারা এর জবাব ভোটের মাধ্যমে দেবে।

সিলেট ব্যুরো জানায়, সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামকে বিএনপির কেন্দ্র ছাড় দিলেও ওই আসনে ছাড় দিচ্ছেন না বিএনপির মনোনয়ন দাবিদার মামুনুর রশীদ মামুন। চাকসুর সাবেক নেতা মামুন মঙ্গলবার বলেন, এ আসনে প্রার্থী ঘোষণার খবর পেয়েছি। এরও অনেক আগে আমাকে প্রার্থী ঘোষণা করেছেন ভোটাররা। আমার মনোনয়নও তারা সংগ্রহ করেছেন। আমি দীর্ঘদিন ধরে এ এলাকার মাঠে কাজ করছি। আমি দলের মনোনয়ন চেয়ে আসছি। এখানে কাউকে ছাড় দেওয়ার অধিকার এলাকার ভোটাররা আমাকে দেননি। সিলেট-৫ আসনের প্রার্থী ঘোষণার পর শুধু মনোনয়নপ্রত্যাশী নন-স্থানীয় বিএনপি নেতারাও চরম ক্ষুব্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতা। এরই মধ্যে এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ আলম এবং জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন বলে শোনা যাচ্ছে।

মোহাম্মদ আলী বলেন, অবশ্যই আমি নির্বাচন করব। মশিউর রহমান রনি জানান, জমিয়তের মার্কা আর ধানের শীষ মার্কা এক নয়। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন অন্য মার্কায় নয়। মোহাম্মদ শাহ আলম জানান, দলের হাইকমান্ড কোন যুক্তিতে আসনটি জমিয়তকে ছেড়েছে সেটি দলীয় হাইকমান্ড বলতে পারবে। তবে দল মাঠের জরিপকে প্রাধান্য দেয়নি। এটি বিএনপির আসন। দলীয় নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী চান।

তবে নীলফামারী-১ আসনে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ছাড় দেওয়াকে ইতিবাচক হিসাবেই গ্রহণ করেছেন আসনটির স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Top