অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘোষণা
জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :পদত্যাগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচন করবেন তিনি। তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর তিনি পদত্যাগ করবেন। পরে তিনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন।গতকাল শনিবার শৈলকূপা উপজেলা বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখোপাত্র ওসমান হাদির রূহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আগামী ২৮ ডিসেম্বর থেকে আমি সার্বক্ষণিকভাবে ভোটের মাঠে থেকে নেতাকর্মীদের সঙ্গে কাজ করব। তিনি জানান, এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়ার লক্ষ্যেই তিনি সংসদ সদস্য হতে চান।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ সব বিষয়ে জনগণকে সচেতন করতে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় নেতারা। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে বিশেষ মোনাজাতে শরিক হন।