হত্যা-ধর্ষণের হুমকিতে ভীত ছিলেন রুমী - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

হত্যা-ধর্ষণের হুমকিতে ভীত ছিলেন রুমী


প্রতিবেদক,আলোকিত বার্তা :হত্যা ও ধর্ষণের হুমকি এবং ক্রমাগত সাইবার বুলিংয়ের শিকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমী এক মাসের বেশি সময় ধরে অত্যন্ত ভীতসন্ত্রস্ত ছিলেন। আওয়ামী সন্ত্রাসী ও পলাতক দোসররা তাকে মেরে ফেলার জন্য সুযোগও খোঁজে। বিদেশি নম্বর থেকেও দিন-রাত তাকে জীবননাশের হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুই হিটলিস্টে আছিস’ বলে হত্যার হুমকি আসে। বৃহস্পতিবার ভোরে রাজধানীর হাজারীবাগ থানা এলাকার পুরাতন কাঁচাবাজার রোডের একটি মহিলা হোস্টেল থেকে এনসিপি নেত্রী রুমীর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।বিকালে চাচাতো ভাই মেহেদী হাসান মরদেহ বুঝে নেন। এরপর তারা গ্রামের বাড়ি নওগাঁর উদ্দেশে বিকাল পৌনে ৫টায় ঢামেক হাসপাতাল মর্গ ছাড়েন। সুরতহাল প্রতিবেদনে বলা হয়ছে, গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ রয়েছে। এছাড়া কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর আগে কোনো ধরনের যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন কিনা তা নিশ্চিত হতে আলামত সংগ্রহ করা হয়েছে।

রুমীর রহস্যজনক ‘মৃত্যু’ নিয়ে চলছে চতুর্মুখী আলোচনা। ১১ নভেম্বর থেকে বুধবার (১৭ ডিসেম্বর) রাত পর্যন্ত তিনি কিভাবে হুমকি পাচ্ছিলেন আলোচনায় এসেছে সেটিও। এনসিপির এক নেতার দাবি, এটি ‘খুন’ হতে পারে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। তদন্তে প্রধান্য দেওয়া হচ্ছে-রুমীর রাজনৈতিক কর্মকাণ্ড, শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২ নম্বরে অপ্রীতিকর ঘটনার রেশ ধরে তার ওপর ক্রমাগত হত্যা ও ধর্ষণের হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং ও নিপীড়নের বিষয়াদি। এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন রুমী। ৩২ বছর বয়সি এই নেত্রী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

রুমী কতটা হুমকির মুখে ছিলেন তার মরদেহ উদ্ধারের পর ফ্যাসিস্টদের দোসরদের আস্ফালন দেখে সে বিষয়ে কিছু ধারণা পাওয়া যায়। ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ওদের একটারও স্বাভাবিক মৃত্যু হবে না। ফোকাস থাকবে একটার ওপর। আর নন-ফোকাস একেকটা মরবে।’ ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠা তাণ্ডবে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি লাশের ওপর পা দিয়ে নৃত্যও করেছিলেন সেদিন। ১৩ নভেম্বর শেখ হাসিনার ফাঁসির আদেশের দিন ৩২ নম্বরের ঘটনার রেফারেন্স টেনে তিনি বলেন, ‘মনে আছে? আজ সকালে তার মরদেহ মিলল। আমার এত আনন্দ লাগে ক্যারে?’ তার মতো আরও অনেক পলাতক দোসর বাজে মন্তব্য করে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ‘গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগাররা কী সিন ক্রিয়েট করেছিল। সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে (যে জিয়ার কবর খুঁড়তে চাইছিল) পিটিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিতে। সেই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে। সাইবার বুলিং আর ফোনকলে সারা দিন থ্রেট পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি। তবে কারোর কল্পনাতেও ছিল না, বুলিংয়ের মাত্রা এত তীব্র যে সে আত্মহননের পথ বেছে নেবে।’ এনসিপি ধানমন্ডির প্রধান সমন্বয়ক মইন উদ্দিন মুন্সি (কোয়েল) বলেন, ‘রুমী পারিবারিকভাবে কিছুটা সংকটে ছিলেন। তবে ধানমন্ডির ঘটনার পর থেকেই তার ওপর ক্রমাগত সাইবার বুলিং শুরু হয়। এমনকি দেশি-বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হতো। এসব বিষয়ে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন।’

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাংবাদিকদের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেন, ‘তুই হিটলিস্টে আছিস’ বলে রুমীকে হুমকি দেওয়া হয়েছিল। এনসিপি ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ওপর বিভিন্নভাবে হুমকি আসছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা রুমীর মৃত্যুকে এনসিপি স্বাভাবিকভাবে নিচ্ছে না। শুধু এনসিপির কেন্দ্রীয় নেতারাই নয়, সর্বস্তরের নেতাকর্মীদেরই হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে দলগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তার দাবি, জুলাই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো ব্যবস্থা রাখা হয়নি। নির্বাচন এমনভাবে আয়োজন করা হচ্ছে, যেখানে প্রশাসনের কোনো স্পষ্ট রূপরেখা নেই। পুলিশ রুমীর মৃত্যুকে আত্মহত্যা বলে ধারণা করে তদন্তে এগোলেও এনসিপি নেতাদের বক্তব্য, পূর্বাপর হুমকির ঘটনা পর্যালোচনা করছে। তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য ফ্যাসিস্টররা কি ধরনের ভূমিকা রেখেছে তাও পর্যালোচনায় নেওয়া হচ্ছে। নানারকম ভয়ভীতির মধ্যে রুমী পারিবারিকভাবেও কিছুটা মানসিক চাপে ছিলেন বলে জানায় পুলিশ। তবে সেটি আর মুখ্য থাকেনি যখন তাকে হত্যা ও ধর্ষণের হুমকির ঘটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণের বিষয়গুলো সামনে আসে।

হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই কামরুজ্জামান বলেন, জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের জান্নাতী ছাত্রী হোস্টেলের কাজের বুয়া রুমের দরজায় ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে হোস্টেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতারা রুমীকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। এসআই কামরুজ্জামান বলেন, নিহত নারীর দুটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর ঘরে তার একটি মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি ছেলে রয়েছে। তার সন্তানরা নওগাঁয় থাকলেও তিনি ঢাকায় একাই হোস্টেলে বসবাস করতেন।

থানা পুলিশ জানায়, এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মানসিক অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত নাজুক ছিল। স্বাস্থ্য ও মানসিক অবস্থার প্রেক্ষাপটে তিনি Prodep (Fluoxetine) এবং Mirtaz 30 (Mirtazapine) ওষুধ গ্রহণ করছিলেন। তার রুম থেকে এসব ওষুধ আলামত হিসাবে সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, এই ওষুধের সমন্বয় সাধারণত তখনই দেওয়া হয় যখন রোগী স্বাভাবিক চিকিৎসায় সাড়া দেয় না বা আত্মহত্যার প্রবণতা থাকে।

একজন চিকিৎসক জানান, মিরটাজ ৩০ হলো শক্তিশালী antidepressant, যা তীব্র বিষণ্নতা, অনিদ্রা ও দুশ্চিন্তা কমাতে ব্যবহৃত হয়। রুমী কয়েক দিন ধরে কম খাচ্ছিলেন, যদিও মিরটাজ সাধারণত ক্ষুধা বাড়ায়। উপরন্তু, দাঁতের তীব্র স্নায়বিক ব্যথা এবং পেটের অস্বস্তি তার মানসিক ভারসাম্য আরও ভেঙে দিতে পারত।

চিকিৎসকরা বলছেন, এ ধরনের শারীরিক যন্ত্রণার সঙ্গে antidepressant ওষুধ চলাকালীন মানসিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে ধর্ষণ ও হত্যার হুমকি রুমীকে চরম মানসিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। মিরটাজ ৩০-এর প্রেসক্রিপশন ও তার ব্যবহারকাল বিশ্লেষণ করলে মৃত্যুর প্রেক্ষাপট আরও স্পষ্টভাবে বোঝা যাবে।

নিহত জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন ও মাতা নুরজাহান বেগমের সন্তান। গণস্বাস্থ্য কেন্দ্র সাভার থেকে নার্সিং ডিগ্রি অর্জন করেন তিনি।

রুমীর সাবেক স্বামী মো. বিপ্লব সরকার জানান, তার সঙ্গে চার-পাঁচ মাস আগে জান্নাতারা রুমীর ডিভোর্স হয়। এর আগে তার আরেকজন স্বামী ছিলেন এবং সেখানেও ডিভোর্স হয়েছিল। তিনি বলেন, আমার সঙ্গে বিয়ের পর আমরা নওগাঁর নজিপুর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতাম। তার প্রথম স্বামীর ঘরে ৮ বছরের একটি মেয়ে রয়েছে, নাম মুনতাহা। আমার সঙ্গে সংসারে তার সাড়ে ৩ বছরের একটি ছেলে রয়েছে, নাম আয়মান। ডিভোর্সের পর গত ৩-৪ মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তিনি আরও জানান, জান্নাতারা রুমী একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসাবে চাকরি করতেন। ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডের ৫ তলা একটি ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ভাড়া নিয়ে চলছে জান্নাতী ছাত্রী হোস্টেল। ওই হোস্টেলের পঞ্চম তলার একটি রুমে গত ২৩ দিন আগে উঠেছিলেন রুমী। তার সঙ্গে আরও একজন থাকতেন। তবে ঘটনার আগের দিন তিনি হোস্টেল ছেড়ে যান বলে জানিয়েছেন হোস্টেলের মালিক আফরোজা বেগম। তিনি যুগান্তরকে বলেন, গত ২৪ দিন আগে ওই মেয়ে এসে আমাকে তার নানা অসহায়ত্ব ও আর্থিক অনটনের কথা জানিয়ে হোস্টেলে সিট চায়। তার কাছে টাকা না থাকায় ৮ হাজারের পরিবর্তে ২ হাজারে সিট দেই। রাজনীতিতে জড়িত এটা বুঝতে পারিনি।

আফরোজার মেয়ে জান্নাতুল ফেরদৌস ও নিরাপত্তাকর্মী আব্দুল খালেক জানান, বুধবার রাত ১০টার দিকে মিরাজ নামে এক ছেলে রুমীকে বাসার সামনে এগিয়ে দিয়ে যায়। এরপর রুমী স্বাভাবিকভাবেই বাসায় ছিল। রাত দেড়টায় মিরাজ ফের বাসার গেটে এসে প্রবেশ করতে চায়। নিরাপত্তাকর্মী গেট খুলতে দেরি করায় বাইরে থাকা কাউকে মিরাজ জানায়, হোস্টেলে এক নারী বিপদগ্রস্ত। এই খবরে রাত ২টায় হোস্টেলে গিয়ে গৃহকর্মী রাজিয়া আক্তার রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ মিরাজের সন্ধান করছে। রুমীর দুটি ফোন থানা পুলিশের কাছে। তবে লক থাকায় এখনো ফোনের তথ্য পর্যালোচনা করা সম্ভব হয়নি বলে রাত ৯টার দিকে জানান পুলিশের এক কর্মকর্তা।

রুমীর বাবা পেশায় কৃষক। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। মৃত্যুর খবর শুনে জান্নাতারার চাচাতো ভাই মেহেদী হাসান ঢামেক হাসপাতাল মর্গে আসেন। তিনি বলেন, দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ হওয়ার পরই জান্নাতারা বিষণ্নতায় ভুগছিলেন। এই বিষণ্নতা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে।

রুমী জুলাই আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। তিনি দেশে জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জুলাই যোদ্ধাদের বিপদকে নিজের বিপদ হিসাবে দেখতেন। মৃত্যুর আগে বুধবার রাত ১১টা ৩৮ মিনিটের সময় তিনি ইনকিলাব মঞ্চের হাদির বিষয়ে একটি পোস্ট দেন। তাতে তিনি লিখেন, ‘ইয়া আল আল্লাহ। হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।’

Top