সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে


নুর নবী জনী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানান তিনি। তবে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে এনসিপির কার্যালয়ে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তফসিল ঘোষণাকে স্বাগত জানান।এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকে সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। তারা ইলেকশনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারিতে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচন দেখতে যাচ্ছে। আমরা একটি কথা বলব, সরকার এবং নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে সদিচ্ছা রয়েছে। কিন্তু নিরপেক্ষতা এবং সক্ষমতার অভাব রয়েছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে আমাদের তিনজনকে ছুরিকাঘাত করা হয়েছে। ঢাকায় এনসিপির নিউজ করার জন্য একজন সাংবাদিককে মারধর করা হয়েছে। বিভিন্ন জায়গায় আরও অস্ত্রের ঝনঝনানি আমরা শুনতে পাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের জন্য পেশিশক্তি, টাকার প্রভাব, গডফাদারের যে সংস্কৃতি আমাদের অতীতের নির্বাচনে রয়েছে, সেই সংস্কৃতি কতটুকু বন্ধ করতে পারবে সে বিষয়ে নির্বাচন কমিশনের ওপর আমাদের যথেষ্ট সন্দেহজনক অবস্থান রয়েছে। নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে কতটুকু নিরপেক্ষ হতে পারবে সে বিষয়ে আমাদের সন্দেহের জায়গা রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান যে পরিস্থিতি রয়েছে. লটারির মাধ্যমে এএসপি, ডিসি নিয়োগ করা হচ্ছে। সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয়। কাদের নিয়োগ করা হচ্ছে-এটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল, সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম। আমরা এ পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি। নির্বাচনে আমরা যাচ্ছি। আমরা এই নির্বাচনে পুরো দেশবাসীকে বলব, কোনো দলীয় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা দুর্নীতি, মানি লন্ডারিংয়ের সঙ্গে যুক্ত, তারা ভোটকেন্দ্রগুলো দখল না করুক, যেন জনগণের ভোটকেন্দ্র জনগণই পাহারা দেই।

Top