ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী


মোহাম্মাদ মহাব্বাতুল্লাহ মাহাদ:ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার পরপরই বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের দলের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এই ঘোষণার মাধ্যমে সব অনিশ্চয়তা দূর হবে। জাতির দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। আমরা ঘোষিত তফসিলকে মোবারকবাদ জানাই, স্বাগত জানাই।তিনি বলেন, আমরা আশা করব নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য তাদের ওপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করবে। বিশেষ করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, অবৈধ অস্ত্র উদ্ধার করে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করে জাতির উদ্বেগ-উৎকণ্ঠা দূর করবে কমিশন।

যুবায়ের বলেন, আপনারা জানেন, আমরা সমমনা ৮ দল একত্রে আন্দোলনে আছি। ৮ দলের শীর্ষ নেতারা শিগগিরই বৈঠকে বসবেন এবং তারপরে বিস্তারিত তুলে ধরবেন। আমরা আশা করব, জনপ্রত্যাশা অনুসারে সুষ্ঠু নির্বাচন হবে এবং কোনো প্রকার ত্রুটি-বিচ্যুতি হবে না। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন জাতি আর দেখতে চায় না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে।

এক প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব যুবায়ের বলেন, কয়েকদিন আগে জামায়াতের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছে। ইসি আমাদের এসব নিশ্চিত করার আশ্বাস দিয়েছে। আরেক প্রশ্নের জবাবে যুবায়ের বলেন, গণভোটে আমরা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণাা চালাব। ৮ দলের শরিকদের জন্য জামায়াত কতটি আসন ছাড়বে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত অনেক আগেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে কিছু পরিবর্তন এসেছে এবং আরও হবে। আসন বণ্টনের বিষয়ে ৮ দলের শীর্ষ নেতারা শিগগিরই বসে প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন। আসন ভাগাভাগি নয়, সমঝোতার ভিত্তিতে আমরা নির্বাচন করব। ৮ দলের শীর্ষ নেতাদের বিজয় নিশ্চিত করার পাশাপাশি যাকে যেখানে প্রার্থী দিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে তাকে সেখান থেকে মনোনয়ন দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই এটা চূড়ান্ত হবে।প্রেস ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।

রাজধানীতে জামায়াতের মিছিল : সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে ঘোষিত তফসিল অনুযায়ী জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা-১৩ সংসদীয় আসন আয়োজিত নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদ ও গণভোটের তফসিলকে স্বাগত জানিয়ে গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাফরুল দক্ষিণ থানা আমির ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য আনোয়ারুল করিমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, কাফরুল উত্তর থানার আমির রেজাউল করিম মাহমুদ, পশ্চিম থানার আমির আব্দুল মতিন খান প্রমুখ। গণমিছিলটি মিরপুর-১০নং গোল চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Top