গণতন্ত্র মঞ্চে চলছে ভাঙাগড়ার খেলা,গণতান্ত্রিক সংস্কার জোট
মোহাম্মাদ মুরাদ হোসেন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই তিন রাজনৈতিক দল ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি জোট গঠন করেছে।তিনি নিজেই নতুন জোটের মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করবেন। এই জোট একসঙ্গে এবং একই প্রতীকে নির্বাচন করবে বলে জানিয়েছে।এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ তিন দলের শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এদিকে বিএনপির দীর্ঘদিনের মিত্র বলে পরিচিত ছয়টি রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চে চলছে ভাঙা-গড়ার খেলা। এই জোট থেকে বেরিয়ে গেছে তাদের দীর্ঘদিনের শরিক দল বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আবার নতুন করে গণতন্ত্র মঞ্চে সম্পৃক্ত হওয়ার কথা চলছে গণফোরামের। এনসিপি এবং এবি পার্টির সঙ্গে মিলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটিয়েছে। অপরদিকে গণতন্ত্র মঞ্চের সঙ্গে গণফোরামের দুদফায় বৈঠকও হয়েছে। তবে গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রসঙ্গে রোববার বলেন, তাদের সঙ্গে সমমনা অনেকের আলাপ-আলোচনা হচ্ছে। কোনো কিছুই এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি।
অন্যদিকে জোটের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, আসনের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐক্যবদ্ধ থাকব। শুধু নির্বাচনি জোট নয়, এটি একই সঙ্গে রাজনৈতিক জোট। একসঙ্গে এবং একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করব। তিনি হুঁশিয়ার করে বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবেন, কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবেন-তারা সফল হবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, তারুণ্যের উত্থান ঘটেছে। জনগণ আমাদের সঙ্গেই থাকবে। পুরোনো দলগুলোর সঙ্গে সংস্কার প্রক্রিয়ায় থেকে আমরা ভুল করেছিলাম। আমরা এখন থেকে নতুনদের সঙ্গে থাকব। আমাদের সঙ্গে নতুন আরও দল ক্রমান্বয়ে যুক্ত হবে। তিনি বলেন, ২৪-এর গণ-অভ্যুত্থানের পর গত দেড় বছরে আমাদের অনেক জায়গায় হতাশা রয়েছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা করেছে। সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এ অবস্থায় সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে।
নতুন রাজনৈতিক ব্যবস্থা উপহার দিতে তিনটি রাজনৈতিক দল এক হয়েছে উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান মঞ্জু বলেন, গণ-অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। তরুণদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। এ অবস্থায় আজ একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য আমরা এসেছি। জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে আমরা তিন দল হাতে হাত মিলিয়েছি। আমি একটা কথা বলব-পুরোনো রাজনীতি দিয়ে কিন্তু পুরোনো ফ্যাসিবাদ দমন করা যায়নি। আপনারা দেখবেন, প্রথাগত রাজনৈতিক দলগুলো যথাসাধ্য চেষ্টা করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে। গুম, খুন, হত্যার শিকার হয়েছে। কিন্তু হাসিনার ফ্যাসিবাদ দমানো যায়নি। নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।
বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, আমরা তিনটা দল নিয়ে যাত্রা শুরু করেছি। তবে আমরা মনে করি না, শুধু এই তিনটা দলই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে। চব্বিশের গণ-অভ্যুত্থান টিকবে কি না, তা সংস্কারের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হলো, এর ওপর নির্ভর করছে। খোঁজ নিয়ে জানা যায়, গত ২৪ নভেম্বর গণতন্ত্র মঞ্চের সভায় জোটে না থাকার সিদ্ধান্তের কথা জানায় অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমের নেতৃত্বাধীন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। মূলত গত বছরের ৫ আগস্টের পর নতুন প্রেক্ষাপটে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক অবস্থান নিরূপণ এবং সম্প্রতি বিএনপির সঙ্গে আসন সমঝোতাকে কেন্দ্র করে মঞ্চের শরিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চ ত্যাগ করে। একই সঙ্গে তারা সমমনা কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে জোট গঠনের উদ্যোগের কথা জানায়। রাষ্ট্র সংস্কার আন্দোলন ও মঞ্চের অন্যান্য দলের একাধিক নেতা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে বিএনপি-জামায়াতের বাইরে একটি বিকল্প রাজনৈতিক জোট গঠনের প্রস্তাব দিয়ে আসছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। তবে এ প্রস্তাবে সমর্থন জানালেও মঞ্চের অধিকাংশ দল এ সংক্রান্ত আলোচনা ধীরগতিতে চালাচ্ছিল। এ নিয়ে মঞ্চের ভেতরে কিছুটা সংকটও তৈরি হয়। মঞ্চের নেতারা এই সংকট নিরসনে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা সিদ্ধান্ত নেয় আলাদা জোট গঠনের। এই প্রক্রিয়ার অংশ হিসাবেই রোববার গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ২০২২ সালের ৮ আগস্ট জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী জনশক্তি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই সাত দল মিলে গণতন্ত্র মঞ্চ গঠন করে। শুরু থেকেই এই জোট বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। এমনকি বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রণয়নেও যুক্ত ছিল গণতন্ত্র মঞ্চ। শুরুটা ভালো হলেও মঞ্চের পথচলায় প্রথম ধাক্কা আসে গণঅধিকার পষিদকে নিয়ে। মতভিন্নতার জেরে গণতন্ত্র মঞ্চ ছেড়ে চলে যায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।