এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার ,খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার - Alokitobarta
আজ : বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির অর্থপাচারকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান

এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার ,খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার


নুর নবী জনী : উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে এয়ার অ্যাম্বুলেন্স আগামী মঙ্গলবার ঢাকায় অবতরণের কথা রয়েছে।সেজন্যই তার লন্ডনযাত্রা বিলম্ব হচ্ছে।তবে খালেদা জিয়া ৯-১০ ডিসেম্বরের দিকে সেই সক্ষমতা অর্জন করতে পারেন বলে এদিন আভাস দেন এক চিকিৎসক।মেডিকেল বোর্ডের অনুমতি মিললে পরদিন বুধবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে যেতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। মেডিকেল বোর্ডের তরফে শনিবার বলা হয়, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার সক্ষমতা অর্জন করেননি। দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরের দিকে লন্ডনের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তার। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই বিমান আসতে বিলম্ব হওয়ার কথা জানায় বিএনপি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন কর্মকর্তা জানিয়েছেন,খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ঢাকায় আসার সূচি চেয়েছে। জার্মান এয়ারলাইন্স-এফএআই এভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদনটি করেছে। ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় শিডিউল অনুমোদন দিয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্লিয়ারেন্স দিয়েছে ফ্লাইট অবতরণের। বিমানবন্দরের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, খালেদা জিয়াকে নিতে মঙ্গলবার ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স আসবে, পরদিন ঢাকা ত্যাগ করবে। ভিভিআইপি মুভমেন্ট হিসাবে এ ফ্লাইটের ল্যান্ডিং থেকে টেকঅফ পর্যন্ত সব ধরনের নিরাপত্তা ও অপারেশনাল প্রস্তুতি রাখা হয়েছে। প্রয়োজনীয় রুট ও অবতরণের সময় চূড়ান্ত নিশ্চিতের পর সংশ্লিষ্ট ইউনিটগুলো সক্রিয় হবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ফ্লাইট চলাকালে নিরাপত্তা, হেলথ চেক ও অন্যান্য অপারেশনাল বিষয়গুলো বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে।
এদিকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়ার শয্যাপাশে থেকে স্বাস্থ্যসেবাসহ সার্বিক তদারকি করছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও প্রতি মুহূর্তে মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন। শনিবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন।

এর আগে শনিবার বিকালে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন। খালেদা জিয়ার বিদেশ যাওয়া বিলম্বিত হওয়ার কারণ উল্লেখ করে তখন তিনি বলেছিলেন, এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটি যেমন ছিল, একইভাবে মেডিকেল বোর্ডও সভা করে সিদ্ধান্ত নিয়েছিল, ওই মুহূর্তে তার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্যই তার বিদেশ যাওয়া বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে শারীরিক অবস্থাই বলে দেবে, তাকে কখন বিদেশে নিয়ে যাওয়া যাবে।

জাহিদ হোসেন বলেন, এয়ার অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত আছে। কিন্তু প্রস্তুত থাকলেও তার চিকিৎসাগত দিক থেকে নিরাপত্তা এবং সুরক্ষা প্রাধান্য পাচ্ছে। মেডিকেল বোর্ডসহ যুক্তরাজ্য ও চীন থেকে আসা চিকিৎসকরাও তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক আরও বলেন, দেশের সব মানুষ তার সুস্থতা চান। যেহেতু তার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসকদের মতামতকে অগ্রাধিকার দিচ্ছেন। দলও এই বিষয়টিতেই অগ্রাধিকার দিচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে বিষয়টি ব্যবস্থাপনা করছেন।

অধ্যাপক জাহিদ বলেন, ম্যাডামকে বিদেশে নেওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড যখন তাকে সেফলি ট্রান্সফার করা যাবে বলে যথোপযুক্ত মনে করবে, তখনই বিদেশে নেওয়া হবে। কারণ হিসাবে তিনি বলেন, ১২ থেকে ১৪ ঘণ্টা যখন বিমানে ফ্লাই করবেন তখন শারীরিক যে পরিবর্তন হয়, সেটির সঙ্গে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। এই জিনিসটি খেয়াল রাখবেন। দয়া করে বিভ্রান্ত হবেন না, কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিতে কাতার সরকার এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করছে। এই সহযোগিতা অব্যাহত আছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই চিকিৎসক বলেন, খালেদা জিয়া এর আগেও আরও খারাপ অবস্থা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। তাই এবারও তিনি পুরোপুরি সুস্থ হয়ে ফিরবেন, এমনটাই আশা করছি। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, দয়া করে যেটা ফ্যাক্ট, সেটার বাইরে গুজব ছড়িয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। এছাড়া এভারকেয়ার হাসপাতালে ভর্তিকৃত রোগী এবং তাদের আত্মীয়স্বজনদের কাজে কিছুটা বাধাগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন জাহিদ হোসেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সশরীরে ঢাকায় এসে সার্বক্ষণিকভাবে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় কাজ করে যাচ্ছেন বলে জানান অধ্যাপক জাহিদ।এর আগে শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছিলেন, দলের পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গে তিনিই যোগাযোগ করছেন। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে।

এদিকে খালেদা জিয়ার শয্যাপাশে থেকে সার্বিক তদারকি করছেন ডা. জোবাইদা রহমান। এভারকেয়ার হাসপাতাল ও ধানমন্ডির পৈর্তৃক বাসায় সময় কাটছে তার। এর আগে শুক্রবার লন্ডন থেকে ঢাকায় আসেন ডা. জোবাইদা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ারে যান। ওইদিন বিকালে ধানমন্ডিতে বাবার বাসায় যান। সেখানে মায়ের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ফের রাতে হাসপাতালে যান। শনিবারও তিনি খালেদা জিয়ার শয্যাপাশে ছিলেন।অন্যদিকে শনিবারও দেশের বিভিন্ন এলাকায় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। এছাড়া দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায়।

২৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে চিকিৎসা চলছে তার।

৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

Top