ত্রয়োদশ সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক,আলোকিত বার্তা :ত্রয়োদশ সংসদ নির্বাচনে আরও ৩৬ আসনে সম্ভাব্য একক প্রার্থীর নাম প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাম প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর মধ্য দিয়ে মোট ২৭২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বিএনপি। ফাঁকা ২৮ আসনের তালিকা যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। তিনি বলেন, আমাদের সমমনা মিত্র যারা আছেন এগুলো তাদের জন্য এবং দু-একটা দলীয় প্রার্থীর ক্ষেত্রে সিদ্ধান্ত আসতে পারে। ওই আসনগুলো আমরা যথাসময়ে ঘোষণা করব। এর আগে ৩ নভেম্বর প্রথম পর্যায়ে ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। এর একদিন পরই মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থী কামাল জামাল মোল্লার নাম স্থগিত করা হয়। সেখানে এবার নতুন প্রার্থী দেওয়া হয়েছে।
৩৬ জন সম্ভাব্য প্রার্থী হলেন : ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম, যিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব। দিনাজপুর-৫ একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা, যশোর-৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম, খুলনা-১ আসনে আমীর এজাজ খান (সংখ্যালঘু অধ্যুষ্যিত এই আসনে জামায়াতে ইসলামী একজন সংখ্যালঘু নেতাকে মনোনয়ন দিয়েছে), পটুয়াখালী-২ আসনে শহীদুল আলম তালুকদার, বরিশাল-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামাল এবং টাঙ্গাইল-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মনোনয়ন পেয়েছেন।
এছাড়া ময়মনসিংহ-৪ আসনে আবু ওয়াহাব আখন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১ আসনে মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমান ইকবাল, মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবির, মুন্সীগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান, ঢাকা-৭ আসনের হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ (ঢাকা মহানগর উত্তর) আসনে বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১ আসনে মজিবুর রহমান, রাজবাড়ী-২ আসনে হারুন অর রশীদ, ফরিদপুর-১ আসনে খন্দোকার নাসিরুল ইসলাম, মাদারীপুর-১ আসনে নাদিরা আখতার, মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী, সুনামগঞ্জ-২ আসনে নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম এবং সিলেট-৪ আসনে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মনোনয়ন পেয়েছেন। আর বিএনপিতে যোগ দিয়েই হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। অন্যদিকে কুমিল্লা-২ আসনে সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ আসনে সাবেক এমপি মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনে মো. আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফা আমীন এবং কক্সবাজার-২ আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ মনোনয়ন পেয়েছেন।
মিত্র দলের তিন শীর্ষ নেতা বঞ্চিত : ঘোষিত ৩৬ আসনের মধ্যে বিএনপির দীর্ঘদিনের মিত্র তিন দলের তিন নেতার নাম নেই। ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করার জন্য কাজ করছিলেন। বিএনপি থেকে তার জন্য চিঠিও দেওয়া হয়েছিল নেতাকর্মীরা যাতে এহসানুল হুদাকে সহযোগিতা করেন। কিন্তু তিনি মনোনয়ন পাননি। নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। এবারও এই আসনে তিনি মনোনয়ন পাবেন বলে আশা করেছিলেন এনপিপির নেতাকর্মীরা। তবে এই আসনে বিএনপি নেতা মনিরুল ইসলামকে বেছে নিয়েছে দলটি। একইভাবে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি পিরোজপুর-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন। যদিও বিএনপির একাধিক নীতিনির্ধারক যুগান্তরকে জানান, মিত্রদের যোগ্য কাউকে আসন ছাড় না দিলেও ভিন্নভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।
ফাঁকা বেশির ভাগ আসন শরিকদের ছাড়বে : এখনো ২৮টি আসন ফাঁকা রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, এসব আসনের বেশির ভাগ মিত্রদের জন্য রাখা হয়েছে। এগুলোর মধ্যে পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানের নাম আলোচনায় আছে। অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী নীলফামারী-১, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী সিলেট-৪, জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২, মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ-৪, মোখলেছুর রহমান চৌধুরী কিশোরগঞ্জ-১, শোয়ায়েব আহমদ সুনামগঞ্জ-২ আসন চাইছেন।