ইসির সিদ্ধান্তে ভোটার ও প্রার্থী হতে পারবেন তারেক রহমান
মোহাম্মাদ নাসির উদ্দিন :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার তালিকায় নাম নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।এছাড়া যেসব নাগরিক ৩১ অক্টোবরের মধ্যে ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন, তারাই আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব তথ্য জানান। তিনি বলেন, কমিশন অনুমতি দিলে নির্বাচনের আগে তিনি ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন এবং নির্বাচনে প্রার্থীও হওয়ার সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্রের তথ্য সীমিত আকারে সংশোধন ও নতুন জাতীয় পরিচয়পত্র দেওয়ার বিষয়ে ব্রিফ করেন সচিব। একপর্যায়ে তারেক রহমান ভোটার হয়েছেন কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমার জানা মতে না’। সেক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়’। কমিশন সিদ্ধান্ত দেওয়ার আইন কোনটি-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন। আমার মুখস্থ নাই।’ সচিব আরও বলেন, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, নিবন্ধনসাপেক্ষে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ভোটার তালিকা ফাইনাল করছি। ওই সময়ের পর যে কেউ ভোটার তালিকায় নিবন্ধিত হতে চাইলে কমিশনের সিদ্ধান্ত লাগবে।
এর আগে সচিব জাতীয় পরিচয়পত্রের তথ্য সীমিত আকারে চালুর কথা জানান। তিনি বলেন, আমরা ভোটার তালিকা ফাইনাল করছি। কাজেই সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি-এই সাতটা তথ্য এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। তবে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, টেলিফোন নম্বর-এসব তথ্য পরিবর্তন করা যাবে। তিনি আরও বলেন, আমরা ভোটার তালিকাটা ফাইনাল করার পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে যদি ওপেন করা যায়, তখন এই সাতটা তথ্য সংশোধনের প্রস্তাব আমরা বিবেচনা করব।
প্রবাসী ভোটারদের সুবিধার্থে পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধনের সময় ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা জানান ইসি সচিব। তিনি বলেন, আউট-অফ-কান্ট্রি ভোটিংয়ের (ভোটার নিবন্ধন) সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্ববর্তী শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর, কিন্তু সেটি ২৫ ডিসেম্বর মধ্যরাত (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী) পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, পোস্টাল প্রবাসী নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অর্থাৎ বিশ্বের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের ভোটার হতে হয়।