শিক্ষা ক্যাডার হলেন ৬৬৮ জন - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এইচএসসির রসায়ন প্রশ্নে কোনো ভুল নেই, বলছে শিক্ষা বোর্ড ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে ২৭ জুলাই রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন বিশ্বস্তদের বসানোর কৌশল নেওয়া হচ্ছে,প্রশাসন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদগুলোয় আরও বড় পরিবর্তনের ইঙ্গ... হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে পরিচিতদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর

শিক্ষা ক্যাডার হলেন ৬৬৮ জন


নুর নবী জনী :৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিশেষ বিসিএসে ৬৮৩টি শূন্যপদের মধ্যে ৬৬৮টি পদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো। কয়েকটি ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রভাষক পদে বাংলা বিভাগে ৬১ জন, ইংরেজিতে ৫০, রাষ্ট্রবিজ্ঞানে ৫৫, দর্শনে ৩০, অর্থনীতিতে ৪০, প্রাণিবিদ্যায় ১৫, ইতিহাসে ৩০, সমাজকল্যাণে ২৫, রসায়নে ৩০, ইসলামী শিক্ষায় ১৫, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২, পদার্থবিদ্যায় ২৫, উদ্ভিদবিদ্যায় ২৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া সমাজবিজ্ঞানে ১৫ জন, গণিতে ৩০, ভূগোলে ১৬, হিসাববিজ্ঞানে ৩০, মার্কেটিংয়ে ১০, ব্যবস্থাপনায় ৩২, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে ২০, মনোবিজ্ঞানে ১০, কৃষিবিজ্ঞানে ৫, পরিসংখ্যানে ১৫, সংস্কৃতে ৫, গার্হস্থ্য অর্থনীতিতে ৬, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে ২৫ এবং খাদ্য ও পুষ্টি বিভাগের জন্য দুজনকে ক্যাডার পদে নিয়োগে মনোনয়ন দেওয়া হয়েছে।অন্যদিকে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে থাকা শূন্যপদে ১৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরমধ্যে প্রভাষক পদে ভূগোলে ২ জন, শিক্ষায় ৬ জন, অর্থনীতিতে ২ জন, ইংরেজিতে ২ জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে ৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়।

পিএসসি সূত্র জানায়, সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে শিক্ষা ক্যাডার নিয়োগে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত এ বিসিএসে অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে আবেদন করেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন। গত ১০ অক্টোবর ৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। বাকি ১ লাখ ৩৬ হাজার ৮২ জন প্রার্থী এ বিসিএসে আবেদন করেও অংশ নেননি। অর্থাৎ, আবেদন করেও পরীক্ষায় অংশ না নেওয়া হার প্রায় ৪১ শতাংশ।

ছয় কর্মদিবসের মধ্যে এ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১ হাজার ২১৯ জন। তাদের মৌখিক পরীক্ষা শুরু হয় গত ২ নভেম্বর। অতি স্বল্প সময়ে মৌখিক পরীক্ষা নিয়ে বিশেষ এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হলো। বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে হিসাব করলে প্রায় তিনমাসের মধ্যেই ৪৯তম বিসিএস শেষ করেছে পিএসসি।

Top