বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে গিয়ে এক যাত্রী নিখোঁজ রয়েছেন
আলোকিত বার্তা:খেয়া পারাপারের ইঞ্জিনচালিত ট্রলার থেকে বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে গিয়ে এক যাত্রী নিখোঁজ রয়েছেন।বুধবার(১২ আগস্ট)সকাল পৌনে ১০টার দিকে বরিশাল নদী বন্দর সংলগ্ন চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল পৌনে ১০টার দিকে এক ব্যক্তি খেয়া পারাপারের ট্রলারে চরে বরিশাল নগর প্রান্ত থেকে সদর উপজেলার চরকাউয়া প্রান্তে যাচ্ছিলো। এ সময় তিনি চলমান ট্রলার থেকে হঠাৎ করেই কীর্তনখোলা নদীতে পড়ে যান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং খোঁজ-খবর নিয়ে জানতে পারেন।
চরকাউয়া এলাকার বাসিন্দা জহির মাঝির ট্রলার থেকে ওই লোকটি নদীতে পরে নিখোঁজ হন। ট্রলারে একটি ব্যাগ পাওয়া যায়। যে ব্যাগটি ওই ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। আর ব্যাগে তল্লাশি চালিয়ে যতটুকু জানা গেছে, নিখোঁজ ব্যক্তি ভোলার উত্তর চরফ্যাশন এলাকার বাসিন্দা ফয়েজ আহম্মেদ।তার সন্ধানে বেলা ১১টার দিকে নৌ-পুলিশের সঙ্গে স্থানীয় নৌ-ফায়ার স্টেশন ও মেট্রোপলিটনের বন্দর থানা পুলিশ অভিযানে নামে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।এদিকে ব্যাগে পাওয়া একটি বইয়ের সূত্র ধরে চরফ্যাশন থানায় বার্তা পাঠানো হয়েছে, যেখান থেকে নিখোঁজ ব্যক্তির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।