গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
আবুবকর সিদ্দীক:বরিশালের বানারীপাড়ার গ্রামীণফোনের টাওয়ারের যন্ত্রাংশ চুরির প্রস্তুতিকালে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দুটি ট্রলার উদ্ধার করা হয়। তবে পুলিশের দাবি চুরি নয় মরিচবুনিয়া ও চৌমোহনা বাজারে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলো গ্রেপ্তারকৃতরা।মঙ্গলবার (২৮ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো-পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বালীহারি গ্রামের হিরু,বলদিয়া কাটাখালি গ্রামের ইয়াসিন হাওলাদার, উলিবুনিয়া গ্রামের ইয়াছিন বাহাদুর, নাজিরপুর উপজেলার বাইনারী গ্রামের সহিদুল ইসলাম, পশ্চিম বাইনারী গ্রামের লিটন শেখ,গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের শাহিন শেখ ও তাওহীদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাত ১২টার দিকে দুটি ট্রলারযোগে ৮ জন লোক এসে মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও বাজার সংলগ্ন গ্রামীণফোনের টাওয়ারে চুরি করার প্রস্তুতি নেয়।এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও দুটি ট্রলারসহ ৭ জনকে আটক করে থানায় খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ৭ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।বানারীপাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)জাফর আহম্মেদ জানান বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া ও চৌমোহনা বাজারে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দেরসহায়তায় ওই ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।