এক ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
রফিকুল ইসলাম:বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় লোকমান হোসেন খোকন সিকদার (৪০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৭ জুন) দিনগত রাত ১১টার দিকে মাধবপাশা বাজারে এ ঘটনা ঘটে।নিহত লোকমান হোসেন খোকন উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা মো. মোসলেম সিকদারের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ-বিন-আলম জানান, লোকমান হোসেন খোকন রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে মাধবপাশা বাজারে গ্রামীণ ব্যাংকের সামনে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পঠানোর প্রস্তুতি নিচ্ছে।মৃত ডেকোরেটর ব্যবসায়ীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে জানিয়ে ওসি বলেন, কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছুই বলতে পারেনি। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।ঘটনার পর পরই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি।