বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্তের পর ৭০ দিন অতিক্রান্ত হয়েছে
আলোকিত বার্তা:বরিশাল জেলায় প্রথম করোনা রোগী শনাক্তের পর ৭০ দিন অতিক্রান্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় জেলায় চিকিৎসক, নার্স, পুলিশ, ব্যাংক স্টাফসহ নতুন করে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ৭০ দিনে জেলায় করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জন।স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বরিশাল জেলায় শনাক্তদের মধ্যে ১৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৯৬ জন।শনিবার (২০ জুন) দিনগত রাত সোয়া ১১টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, শেষ ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ সদস্য, আরআরএফ-এর ১ জন ও জেলা পুলিশের ৪ জন রয়েছেন।বাকিদের মধ্যে জেনারেল (সদর) হাসপাতালের ১ চিকিৎসক, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ নার্স ও বিভিন্ন ব্যাংকে কর্মরত ৪ জন স্টাফও রয়েছেন। এর বাইরে বরিশাল নগরের বগুরা রোড, প্যারারা রোড, রুপাতলী, কালিবাড়ি রোড, নিউ সার্কুলার রোড, চাঁদমারি, কাউনিয়া, কোতোয়ালি থানা কোয়ার্টার, ভাটিখানা, মুসলিম গোরস্থান, আলেকান্দা, বাংলাবাজার, কলেজ এভিনিউ, ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার ২৪ জন এবং বাবুগঞ্জ, বানারীপাড়া, মুলাদী ও গৌরনদী উপজেলার ৭ জন রয়েছেন।
সূত্র জানায়, শনিবার জেলায় শনাক্তদের মধ্য থেকে আরও ১০ জন সেরে উঠেছেন।সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত মোট ১৯৬ জন করোনা থেকে সেরে উঠলেন।এদিকে মৃত্যু হওয়া একজনের করোনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ আসায় জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে।সার্বিক করোনা পরিস্থিতি প্রসঙ্গে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই নতুন শনাক্ত হওয়া ওই ৪৭ জনকে তাদের অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছে।গত ১২ এপ্রিল প্রথমবারের মতো বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ করোনা রোগী শনাক্ত হন। এরপর থেকে ২০ জুন পর্যন্ত জেলার বাবুগঞ্জ উপজেলায় ৪৪ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ছাত্রসহ ৯৪৪ জন, উজিরপুর উপজেলায় ৩৮ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৩১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২২ জন, হিজলা উপজেলায় ৮ জন, বানারীপাড়া উপজেলায় ২৬ জন, মুলাদী উপজেলায় ১৯ জন, গৌরনদী উপজেলায় ২৭ জন, আগৈলঝাড়া উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।