বরিশালে নতুন আক্রান্ত ১৯, মৃত্যু ১
রফিকুল ইসলাম:করোনা ভাইরাস উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত মফিজুর রহমান বরিশালের কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের তালতলী এলাকার বাসিন্দা।মঙ্গলবার (১৬ জুন) দিনগত রাত সোয়া ৯টার দিকে শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুর ২টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।মৃত্যুর পর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
এদিকে মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলের দেয়া তথ্যানুযায়ী, জেলায় নতুন করে ১৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যা নিয়ে জেলায় মোট ৯৯৭ জনের করোনা এ অব্দি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ১ জন স্টাফ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন, নৌ পুলিশের ১ জন, রেঞ্জ পুলিশের ১ জন সদস্য রয়েছেন।এছাড়া জেলায় ১১ জন রোগী সুস্থ হয়েছেন, যা নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬৯ জন। অপরদিকে এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট ১৩ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে বরিশাল নগরের ৭ জন, মুলাদী উপজেলার ২ জন, বাবুগঞ্জ উপজেলার ২ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন ও গৌরনদী উপজেলার ১ জন রয়েছেন।