চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে
রফিকুল ইসলাম:চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯২৪ জনে দাঁড়ালো।এদিন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ জন। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ১৪৮ জন এবং ১২ জন মারা গেছেনরোববার (১৪ জুন) দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা যায়। নতুন আক্রান্ত ৫২ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৮ জন সদস্য রয়েছেন। বাকি আক্রান্তদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক, ২ জন নার্স ও ২ জন স্টাফ রয়েছেন।
বাকিদের মধ্যে বরিশাল নগরের রুপাতলী, কালুশাহ সড়ক, নতুন বাজার, সাগরদী বাজার, কলেজ রোড, কালিবাড়ি রোড, আলেকান্দা, ভাটিখানা, নাজিরমহল্লা, কাশিপুর, কাউনিয়া, সিএন্ডবি রোড, কাঠপট্রি এলাকার ২৬ জন এবং বরিশাল সদর, উজিরপুর, বাবুগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার ১৩ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।বরিশারের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫২ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী লকডাউন করা হয়েছে।উল্লেখ্য, বরিশাল জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২৪১ জন নারী ও ৬৮৩ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৫১ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৭০৪ জন এবং পঞ্চাশোর্ধ্ব ১৬৮ জন ব্যক্তি রয়েছেন।এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৭২৭ জন, সদর উপজেলায় ১৬ জন, বাবুগঞ্জে ৩৪ জন, উজিরপুরে ৩৫ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, বাকেরগঞ্জে ২৮ জন, হিজলায় ৬ জন, মুলাদীতে ১২ জন, বানারীপাড়ায় ২০ জন, আগৈলঝাড়ায় ১১ জন এবং গৌরনদীতে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়।