পৃথক অভিযানে ১৬ ব্যক্তি ও দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা
আলোকিত বার্তা:বরিশালে মাস্ক ব্যবহার না করাসহ সরকারি নির্দেশনা অম্যান্য করায় পৃথক অভিযানে ১৬ ব্যক্তি ও দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুন) নগরের নথুল্লাবাদ ও নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।এ সময় গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করে প্রকাশ্যে ধূমপান করায় তিন যাত্রীকে মোট এক হাজার দুই শত টাকা জরিমানা করা হয়।
এদিকে, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, গির্জা মহল্লা, বাংলাবাজার ও সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন । এ সময় অভিযানে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় চার ব্যক্তিকে মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।এছাড়া গৌরনদীতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা। অভিযানে মাস্ক ব্যবহার না করে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রমক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের জন্য নয় জন যাত্রী ও পথচারীকে মোট চার হাজার এক শত টাকা জরিমানা করা হয়।এছাড়া ভোক্তা অধিকার আইনে দু’টি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।