করোনাভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।
আলোকিত বার্তা:করোনাভাইরাস সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর শুক্রবার (৫ জুন) ৯০তম দিনে এসে অনাকাঙ্ক্ষিত এ তালিকায় যুক্ত হলো বাংলাদেশ।বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ৫৭ হাজার ৫৬৩ জন আক্রান্ত নিয়ে একুশতম স্থানে ছিল বাংলাদেশ। তবে শুক্রবার আরো ২ হাজার ২২৮ নতুন আক্রান্ত যোগ হওয়ায় দেশে এখন রোগী দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯০ জনে। এতেই বাংলাদেশ উঠে এসেছে সেরা বিশে। ৬৫,৪৯৫ জন আক্রান্ত নিয়ে বাংলাদেশের আগে আছে কাতার। এবং ১৮ নম্বর স্থানে থাকা করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা এখন ৮৩,০২৭ জন।
বাংলাদেশ ওপরে উঠে আসায় একুশতম স্থানে নেমে গেছে ৫৮ হাজারের বেশি আক্রান্তের বেলজিয়াম। আজ পর্যন্ত যথারীতি শীর্ষস্থান দখল করে রেখেছে আমেরিকা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১,৯২৬,২৬৯ জন। মারা গেছে ১১০,২৫৫ জন। দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬১৮,৫৫৪। তৃতীয় স্থানে থাকা রাশিয়ার আক্রান্তের সংখ্যা ৪৪৯,৮৩৪ জন। সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৬ লাখ ৫৬ হাজার। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৯০ হাজার।