শেবাচিম হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।
আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শেবাচিমের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। মৃত রোগীদের মধ্যে একজনের বয়স ৪৫ বছর। তার বাড়ি বরিশালের মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। তিনি শুক্রবার (২৯ মে) সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।
অপরদিকে ৬০ বছর বয়সী মৃত্যু রোগীর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলশকাঠী গ্রামে। তিনি শনিবার সকাল ১০টায় হাসপাতালে ভর্তি হন। বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।শনিবার দু’জনসহ শেবাচিম হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩১ জন। তবে এরমধ্যে মাত্র তিনজনের করোনা শনাক্ত হয়।আর এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৩ রোগী। এরমধ্যে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়।