বরিশালে নির্দেশ উপেক্ষা করে মানুষের ভিড় দোকান পাট খোলা
আলোকিত বার্তা:বরিশালে করোনার সংক্রমণ এড়াতে মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমিত আকারে খুলে দেওয়া বিপণী বিতান, শপিং মল, দোকানপাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এরপরও এ নির্দেশ উপেক্ষা করে নানান কৌশলে অনেকেই দোকানপাট খোলা রাখছেন। অন্যদিকে অটোরিক্সা, মোটরসাইকেলসহ পণ্য আনা-নেওয়ার বিভিন্ন গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে নগরে।সকাল থেকে দুপুর পর্যন্ত নগরের বাণিজ্যিক এলাকা চকবাজার-কাঠপট্টি, সদর রোড, গীর্জা মহল্লা এলাকায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এসব মানুষের কাছে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে তারা বলছেন, ব্যাংকে যাওয়াসহ বিভিন্ন জরুরি কাজের কথা।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, তাদের মোবাইল টিম যথারীতি মাঠে রয়েছে। কিছুদিন আগে ঈদ ঘিরে নিরাপদ দূরত্ব বজায় নিশ্চিত করার শর্তে বিপণী বিতান খোলার নির্দেশ দিলেও তা উপেক্ষিত হয়। ফলে কেবল নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত অর্নিদিষ্টকালের জন্য সব বন্ধ করে দেওয়া হয়েছে।সর্বশেষ তথ্যানুযায়ী, নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখায় বরিশালের গৌরনদীতে ১০ দোকানিকে জরিমানা করা হয়েছে। এছাড়া বরিশাল নগরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সামনে থেকে বন্ধ থাকা একটি দোকানের ভেতরে প্রবেশ করে ক্রেতাদের উপস্থিত দেখতে পায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।এছাড়া জেলার বিভিন্ন স্থানে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। মহাসড়কে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও জোরদার করা হয়েছে।