মানবতার বাজারের পর এবার যাত্রা শুরু করলো বাসদের‘মানবতার কৃষি’।
আলোকিত বার্তা:মানবতার বাজারের পর এবার যাত্রা শুরু করলো বাসদের‘মানবতার কৃষি’।যে কর্মসূচিতে ১ লাখ ফল এবং সবজির চারা বিতরণ ও রোপণ করা হবে।বরিশালের কোনো জমিই থাকবে না পতিত, সবুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙিনা’এই শ্লোগানে রোববার (১৭ মে) বেলা সাড়ে ১১ টায় মানবতার কৃষি নামক এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলার আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন।এ সময় উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, জেলা সদস্য মিথুন চক্রবর্তী, সন্তু মিত্র, ইমদাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সহসভাপতি মাফিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগরের সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ।বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুমন বলেন, এক মুঠো চাল কর্মসূচির আওতায় আমরা ত্রাণ দেয়ার কার্যকরী ও মর্যাদাপূর্ণ প্রক্রিয়া “মানবতার বাজার” শুরু করেছি। আজ রোবাবর (১৭ মে) এক মুঠো চাল কর্মসূচির ৫০তম দিন উপলক্ষে মানবতার বাজারে আমরা ৫০টি পরিবারের শিশুদের জন্য এক মাসের শিশুখাদ্য সরবরাহ করছি।একইসাথে ৫০তম দিন উদযাপনে আমরা ‘বরিশালের কোনো জমিই থাকবে না পতিত, সবুজে সবুজে ভরে উঠুক প্রতিটি আঙিনা ‘ এই শ্লোগানে করোনা সংকট মোকাবিলায় আমাদের নতুন কর্মসূচি “মানবতার কৃষি” উদ্বোধন করেছি।
তিনি বলেন, আমরা মনে করি এই লকডাউনের সময়ে খাদ্য সংকট দূর করতে কৃষির কোনো বিকল্প নেই। সে কারণে আমরা আমাদের মানবতার বাজার থেকে সাধারণ মানুষকে কৃষিতে উৎসাহিত করতে সবজি ও ফলজ বৃক্ষের লক্ষাধিক চারা ও বীজ বিনামূল্যে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছি। এমনকি কোনো বাসায় পতিত জমি থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ভলেন্টিয়াররা সেই বাসায় গিয়ে চারা রোপণ করে দিয়ে আসবে। রাস্তার পাশে পতিত জমি থাকলে সেখানেও বিভিন্ন চারা রোপণ করে দিয়ে আসবে।’
ডা. মনীষা চক্রবর্ত্তী বলেন, ‘আমরা মনে করি এই মহামারি প্রতিরোধে দুস্থ কর্মহীন মানুষের খাদ্য সংকট দূর করতে সরকারি রেশনিং নিশ্চিত করার কোনো বিকল্প নেই। আমরা বাসদের পক্ষ থেকে একদিকে এই রেশনিং নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আরেকদিকে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ও গণমানুষের সহায়তা নিয়ে লকডাউনে কর্মহীন মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। করোনা মহামারি নিকট ভবিষ্যতে দূর হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেকারণে আমাদের এই ত্রাণ সরবরাহ কর্মসূচি ‘মানবতার বাজার’এবং ‘মানবতার কৃষি’ আমরা শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে চাই। আমরা আপনাদের মাধ্যমে বরিশাল ও সারা দেশের মানুষের কাছে আমাদের এ মানবিক আয়োজনে সাধ্যমত অংশগ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।এক মুঠো চাল ও মানবতার বাজার থেকে ৫০ দিনে ১৫ হাজারের অধিক পরিবারকে খাদ্য সহায়তার জন্য আর্থিকভাবে, বিভিন্ন পরামর্শ দিয়ে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করা হয়েছে।