করোনা ভাইরাসকে জয় করে ২১ দিন পর বাড়ি ফিরলো ৯ বছরের শিশু ।
আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই প্রথম করোনাভাইরাসকে জয় করে ২১ দিন পর বাড়ি ফিরলো ৯ বছরের শিশু রাহাত ফরাজী।সোমবার (০৪ মে) দুপুরে সে তার বাবার সঙ্গে নিজ বাড়িতে ফিরে যায়।রাহাত বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য রাকুদিয়া গ্রামের শিমুল ফরাজীর ছেলে।স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায়ের সময় করেনাজয়ী রাহাতকে ফলসহ একমাসের খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু) উপহার হিসেবে দেন উপজেলা প্রশাসন।এ সময় সেখানে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত আলী, উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান, উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অয়ন শাহা, সমাজসেবা কর্মকর্তা আবুল কালামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, গত ১৩ এপ্রিল পার্শ্ববর্তী উপজেলা বাবুগঞ্জের মধ্য রাকুদিয়া থেকে সর্দি-জ্বর, গলাব্যাথা, শ্বাসকষ্ট, কাশিতে আক্রান্ত রাহাত ফরাজীকে (৯) উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। তাৎক্ষনিক শিশুটিকে ভর্তি করে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়। পাশাপাশি ১৪ এপ্রিল করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে ১৬ এপ্রিল শিশুটির রিপোর্টে করোনা পজিটিভ এলে হাসপাতালেই তার চিকিৎসা চলমান থাকে। এরপর ২৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ২৬ এপ্রিল রিপোর্টে করোনা নেগেটিভ আসে। পরবর্তীতে ২ মে পুনরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে সেই রিপোর্টেও নেগেটিভ আসে।এছাড়াও শিশুটির চিকিৎসার সময় তার কাছে আইসোলেশনে থাকা বাবা ও দাদীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করলে তাদেরও করোনা নেগেটিভ পাওয়া যায়। শিশুটির শরীর থেকে করোনা ভাইরাস নির্মূল হওয়ায় সোমবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।