করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন জনগণকে ঈদুল ফিতরের আগেই নগদ আর্থিক সহায়তা দেয়া হবে। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন জনগণকে ঈদুল ফিতরের আগেই নগদ আর্থিক সহায়তা দেয়া হবে।


আলোকিত বার্তা:দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন জনগণকে ঈদুল ফিতরের আগেই নগদ আর্থিক সহায়তা দেয়া হবে।তিনি বলেন,করোনাভাইরাসের প্রভাবে যাদের আয়-উপার্জনের পথ নেই তাদের কিছু নগদ আর্থিক সহায়তা আমরা ঈদের আগেই দিতে চাই, যাতে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সোমবার সকালে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, করোনার কারণে এবার রমজান মাস একটু ভিন্নভাবে পালন করতে হচ্ছে। অদৃশ্য এই ভাইরাসের কারণে সবকিছুতে স্থবিরতা নেমে এসেছে। আর এটা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হচ্ছে। এ সময় তিনি সীমিত আকারে সরকারি অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা উল্লেখ করে বলেন, সামনে ঈদ। মানুষের যাতে কষ্ট না হয় তার জন্য ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলোও যেন করতে পারে।

আগামীতে অর্থনীতিতেও প্রভাব পড়বে- উল্লেখ করে তিনি বলেন, এটাকে (করোনা প্রাদুর্ভাব) বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে, সেখানে আমাদের দেশেও একটা প্রভাব পড়বে। আমাদের দেশকেও মোকাবেলা করতে হবে।গণভবনে আয়োজিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে যুক্ত হওয়া রংপুর বিভাগের আট জেলা হল- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা। ভিডিও কনফারেন্সে জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, সিভিল সার্জনসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, ইমাম, ব্যাংকার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. আহমদ কায়কাউস।বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো এই ভিডিও কনফারেন্স সরাসরি সম্প্রচার করে। উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর শেখ হাসিনা উদ্ভূত পরিস্থিতি নিয়ে এর আগে ছয়টি পৃথক ভিডিও কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ৫৬টি জেলার সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের ‘ছুটির’ মেয়াদ আরও দশ দিন বাড়লেও সরকারি অফিস-আদালত সীমিত পরিসরে চালু করা হবে। তিনি বলেন, ‘ সরকারি অফিস আদালত সব সীমিত আকারে আমরা চালু করে দিচ্ছি, যাতে মানুষের কষ্ট না হয়। সামনে ঈদ। ঈদের আগে কেনাকাটা বা যা যা দরকার সেগুলোও যেন মানুষ করতে পারে।’ জনগণের যোগাযোগ এবং ডাক ব্যবস্থা কার্যকর রাখার স্বার্থে ধীরে ধীরে রেল যোগাযোগও চালু করছে বলেও উল্লেখ করেন তিনি।

সবাইকে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, লকডাউন শিথিল হলেও মানুষ যেন সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।সরকারপ্রধান বলেন, ‘ইতোমধ্যে আমরা ছুটি ঘোষণা দিয়েছি। ৫ মে পর্যন্ত ঘোষণা দিয়েছিলাম, সেটাকে আমরা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু সঙ্গে সঙ্গে যেহেতু রমজান মাস, এই রমজান মাসে যাতে কেনাবেচা চলতে পারে, দোকানপাট খোলা, যেহেতু রোজার সময় ইফতারি কেনা বা সেহরি খাওয়া বা বাজারঘাট করা- সেগুলো যাতে চলতে পারে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে আমরা সেগুলো খোলারও মানে চালু রাখার নির্দেশ দিয়ে দিয়েছি।শেখ হাসিনা বলেন, প্রতিটি জেলায় যেসব ক্ষুদ্র শিল্প কারখানা রয়েছে, সেগুলো চালানো যাবে। অর্থনীতির চাকা যাতে গতিশীল থাকে, সরকার সেভাবেই নির্দেশনা দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলো যেন পরিচালিত হতে পারে, তার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া, এ ব্যাপারে বেশ কতগুলো নির্দেশনা আপনারা শিগগিরই পাবেন। এটা আমাদের কেবিনেট ডিভিশন থেকে ঘোষণা দেয়া হবে।’

চিকিৎসক ও নার্স নিয়োগ প্রসঙ্গে বলেন, শিগগিরই নির্বাচিত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেয়া হবে। যাদের করোনাভাইরাসের চিকিৎসার প্রশিক্ষণ দেয়া হবে।চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীসহ নিজ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে কয়েকজন পুলিশ মারা গেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। শেখ হাসিনা বলেন, ‘অনেক সময় করোনা রোগীদের মৃতদেহ তার পরিজন নিতে চায় না, অথচ তারা (প্রশাসন এবং সংশ্লিষ্ট মহল) সেই লাশ দাফনের উদ্যোগ নিচ্ছেন। এছাড়া যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী মিডিয়াকর্মীদের নিজেদের করোনার থেকে সুরক্ষিত রেখে দায়িত্ব পালনের আহবান জানান তিনি। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের যারা সেবা দিচ্ছেন তাদের জন্য ১০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করে শেখ হাসিনা বলেন, ডাক্তার, নার্স, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী যারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন বিভিন্নভাবে তাদের এই প্রণোদনা দেয়া হবে।

ব্যাংক ঋণের সুদ মওকুফ সম্পর্কে তিনি বলেন, গত দু’মাস যেহেতু কোনো ব্যবসা-বাণিজ্য ছিল না তাই ব্যবসা-বাণিজ্য যাতে সচল থাকে সেজন্য ইতোমধ্যে যারা ঋণ নিয়েছেন একেবারে ক্ষুদ্র ঋণ পর্যন্ত, সব ঋণের সুদ স্থগিত করে দেয়া হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলার পর আমি নিজেই এ নিয়ে আলোচনায় বসব।সরকারপ্রধান বলেন, যারা ধনী দেশ, অগাধ সম্পদ তারাও করোনাভাইরাসের কাছে ব্যর্থ। একটা শক্তিশালী ভাইরাসের কাছে কোনো কিছুই কাজে লাগছে না। ধন-সম্পদ অর্থ কোনো কিছুই কাজে লাগছে না। ধনী-গরিব সবাই একাকার হয়ে যাচ্ছেন। আমরা এ ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করায় একটা ভালো ফলাফলও পাচ্ছি। সেজন্য আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই।

শেখ হাসিনা বলেন, দেশকে সুরক্ষিত করা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, এই ভাইরাসের কারণে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া- এটাই সরকারের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যেহেতু এটা অত্যন্ত সংক্রামক একটি রোগ, হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়, সেজন্য দেশবাসীকে আমি অনুরোধ করব, যেহেতু রোজার মাস, আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি, ধীরে ধীরে আমরা কিছু কিছু জিনিস উ উন্মুক্ত ক্ত করে দিচ্ছি। কিন্তু সেখানে আপনাদের সবাইকে নিজেকে সুরক্ষিত করতে হবে। আবার অপরকেও সুরক্ষিত রাখতে হবে। এ সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেয়া নির্দেশনা মেনে চলার পাশাপাশি সবাইকে মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।কুড়িগ্রাম জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। তিনি বলেন, কৃষি বিশ্ববিদ্যালয় আমারই আইডিয়া। আমি বলেছিলাম এটা করব, এটা হয়ে যাবে। আইন পাস করে দেব আমরা, কৃষি বিশ্ববিদ্যালয় হবে।করোনাভাইরাসের প্রভাবে রংপুর অঞ্চলে যেন আবার মঙ্গা ফিরে না আসে সেদিকে বিশেষ দৃষ্টি দেয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই রংপুরকে আমি বিশেষ করে বলে যাচ্ছি, যেহেতু এটা একটা মঙ্গাপীড়িত এলাকা ছিল, এখানে যারা একটু সচ্ছল পরিবার আছেন বা আমাদের যারা প্রশাসন বা আমাদের দলের নেতাকর্মী, সবাইকে আমি অনুরোধ করব যে, এই এলাকায় যেন আবার মঙ্গা ফিরে না আসে। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘প্রায় ১০ লাখ মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করব। এর মধ্যে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন আতপ, ৮০ হাজার মেট্রিক টন গমসহ প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমরা সংগ্রহ করব।তিনি আরও বলেন, ২১ লাখ মেট্রিক টন খাদ্য যদি আমরা সংগ্রহ করি তাহলে আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আমাদের আর খাওয়ার কোনো অসুবিধা হবে না। এরপর আমাদের সীমিত আকারে আউশ, আমন সেগুলোও আসবে বা অন্যান্য ফসল আসবে। কাজেই বাংলাদেশে আর খাদ্যের অভাব যেন না হয় সেটা দেখতে হবে।ভিডিও কনফারেন্সে রেলমন্ত্রীকে পণ্য পরিবহনে রেলকে সংযুক্ত করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা রেল চালু করে দিয়েছি। পচনশীল পণ্য বা কোন এলাকায় বেশি উৎপাদন হয় এমন পণ্য যেন দ্রুত পরিবহন করা যায় তার জন্য রেলকে নির্দেশ দেয়া হয়েছে। কিছু কিছু চালু হয়েছে।তিনি বলেন, লাগেজ ভ্যান আমাদের যেটুকু আছে, সেটুকু সারা দেশ যুক্ত করে, আমরা পণ্য পরিবহনের এই সময়ে, যেহেতু সড়ক পরিবহন উন্মুক্ত হয়নি সুতরাং রেল সুযোগটা নিতে পারে। লাগেজ ভ্যান দিয়ে সারা দেশে পণ্য পরিবহনের ব্যবস্থা নেয়া যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু খাদ্যপণ্য নয় সব ধরনের পণ্য পরিবহন করতে হবে।পঞ্চগড়ের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী পঞ্চগড়ের চা শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে তার সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার কৃষিবিষয়ক চলতি মূলধন সংক্রান্ত প্রণোদনায় ‘চা শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

Top