জেলা প্রশাসনের শুভেচ্ছা বিভূতিভূষণ কে
আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) করোনা ভাইরাসের পরীক্ষার কাজ শুরু হয় গত ২৯ মার্চ থেকে।সেই থেকে ৩০ বছর বয়সী যুবক ও হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট বিভূতিভূষণ হালদার (৩০)।তিনি একাই আজ অব্দি করোনা সন্দেহসহ করোনায় আক্রান্ত রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যাচ্ছেন। আর ওই দিন থেকে শুরু করে এ পর্যন্ত ভয়কে জয় করে যিনি ইতোমধ্যে ২৭১ বার রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছেন।
আর সময়ের সাহসী সন্তান করোনাযোদ্ধা বিভূতিভূষণের এ কাজে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উৎসাহ দেওয়া হয়েছে।জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত হওয়ার পর থেকে শেবাচিমের করোনা ওয়ার্ডে সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহের লোক খুঁজে পাওয়া যাচ্ছিলো না। হাসপাতালের অভিজ্ঞ সবাই এ কাজে অপরাগ প্রকাশ করেন। ফলে বিষয়টি নিয়ে যখন সবাই চিন্তিত হয়ে পড়েন ঠিক তখন স্বেচ্ছায় এ কাজের জন্য নিজেকে সমর্পণ করেন হাসপাতালের কনিষ্ঠ টেকনোলজিস্ট বিভূতিভূষণ। শুরু থেকে আজ অবধি যিনি একাই জীবন বাজী রেখে করোনা রোগীর পাশে এসে দাঁড়িয়েছেন। একাই শেবাচিমের করোনা রোগীদের নমুনা সংগ্রহ করছেন পরীক্ষার জন্য।
বিভূতিভূষণের বীরত্বের জন্য তার পাশে এসে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসন।টেকনোলজিস্ট বিভূতিভূষণের কাজের প্রতি উৎসাহ দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার প্রাইজবন্ড এবং শুভেচ্ছা স্বরুপ রকমারি ফলের ঝুড়ি দেওয়া হয়।জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের পক্ষ থেকে উৎসাহ দেওয়ার জন্য এই শুভেচ্ছা পৌঁছে দেন সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল রবিন শীষ।