বরিশালে একইদিনে ২ জনকে পিটিয়ে হত্যা দুই উপজেলায়
আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জে এক ব্যবসায়ী এবং বাকেরগঞ্জ উপজেলায় এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।রোববার(২৬ এপ্রিল)তাদের উভয়ের মৃত্যু হয়।বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়েনের কালেরকাঠী গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আপাং তালুকদারকে (৪০) প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।নিহতের বড়বোন কাজল বেগম জানান,তাদের সঙ্গে সৎ মামা রাসেল,আরিফ,রাজীব ও কবিরদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। বিরোধের মধ্যেই সৎ মামারা নতুন করে ঘর নির্মাণ শুরু করে। রোববার সকাল ৮টার দিকে ভাই আপাং তালুকদার বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় পথে সৎ মামাদের সঙ্গে দেখা হয়। এসময় জমি বণ্টন না করে ঘর নির্মাণ করা থেকে বিরত থাকার জন্য বলা হলে মামা রাসেল, আরিফ, রাজীব ও কবির এবং মামাতো ভাই মিলন, বশার মিলে আপাংকে মারধর করে তাদের ঘরের ভেতর নিয়ে যায় এবং শাপল দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে এবং পরে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে তারা বাকেরগঞ্জ হাসপাতালে এসে ভাইয়ের অবস্থা দেখেন।
তিনি আরও জানান, সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বেলা দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সুরতহাল ও ময়নাতদন্ত করার জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একইসঙ্গে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।অপরদিকে মেহেন্দিগঞ্জ উজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের পশ্চিম রত্নপুর গ্রামে ক্ষেতের পাট গরুতে খাওয়াকে কেন্দ্র করে সৌরভ খান (১৫) নামের এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত সৌরভের বাবা মনির খান সাংবাদিকদের জানান,আফজাল সিকদার,কালু সিকদার,জামাল সিকদার,মজিবর হাওলাদারদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। শুক্রবার সকালে গরু ক্ষেতের পাট খেয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিতভাবে সৌরভের ওপর হামলা চালায় এবং পিটুনি দেয়। স্থানীয়রা সৌরভকে উদ্ধার করে মুলাদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। তাকে হাসপাতালে নিতে না পারায় বাড়িয়ে নিয়ে যাওয়া হয়। পরে শনিবার ভোররাতে সৌরভের মৃত্যু হয়।
স্থানীয় চেয়ারম্যান জলিল মিয়া জানিয়েছেন, ক্ষেতের পাট গরু খেয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। যেখানে বেশ কয়েকজন আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সৌরভের মৃত্যু হয়।এ বিষয়ে কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল ইসলাম জানান,ওই মাদরাসা ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহতের মামা জলিল সিকদার ১১ জনকে আসামি করে একটি মামলাও দায়ের করেছেন। যার সূত্র ধরে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।