সড়কে মানুষ বরিশালে দিনের প্রথমভাগে
আলোকিত বার্তা:লকডাউনে যিনি যেখানে আছেন তিনি সেখানেই থাকবেন। এক্ষেত্রে এক জায়গা কিংবা এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়া এবং বাসা থেকে বের না হওয়াটাই শ্রেয়।বরিশালের জেলা প্রশাসন গত ১২ এপ্রিল থেকে গোটা জেলা লকডাউন ঘোষণা করেছে। সেইদিন থেকে শুরু করে আজ ১২তম দিন অতিক্রম করতে যাচ্ছে লকডাউন পরিস্থিতি। লকডাউন ঘোষণা’র পর প্রথমদিকে সাধারণ মানুষ যতটা না বাহিরে বের হয়েছে এখন ধীরে ধীরে এর পরিমান বাড়ছে নগরজুড়ে। যদিও দিনের প্রথমভাগে সড়কে মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো থাকলেও বিকেল হতে না হতে তার পরিমান কমে যায়। আর সন্ধ্যার পরে কার্যত জনশূন্য হয়ে পড়ে বরিশাল নগর। যদিও তখনো নগরের অলিগলিতে তরুণ-যুবকদের দাপট থেকেই যাচ্ছে।
বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) বরিশাল নগরের সদর রোড, বাজার রোড, পুলিশ লাইন রোড, পোর্ট রোড, বগুড়া রোড, হাসপাতাল রোড, বান্দ রোড সিএন্ডবি রোড, নবগ্রাম রোড, নুথুল্লাবাদ বাস টার্মিনাল ও রূপাতলী বাস টার্মিনাল এবং নদী বন্দর এলাকায় দেখা গেছে অনেক মানুষ। রিক্সা, অটোরিক্সা, বাইসাইকেল, মোটর সাইকেলসহ ব্যক্তিগত যান, এমনকি পায়ে হেটেও মানুষকে রাস্তায় চলাচল করতে দেখা গেছে। নগরের প্রধান প্রধান সড়কে এবং সড়ক মোড়ে পুলিশ চেকপোস্ট স্থাপন করে পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করছেন। অপ্রয়োজনীয় যান আটকে দিচ্ছেন। আবার নিয়মিত চলছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের ভ্রাম্যমান আদালতের অভিযান। যেখানে করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা চালানোর পাশাপাশি জনসমাগম ভেঙ্গে দেওয়া, বিনা প্রয়োজনে দোকান ও ঘর থেকে বের হওয়া মানুষদের জরিমানাও করা হচ্ছে। তবে কার্যত বিনা প্রয়োজনে বের হওয়া মানুষগুলো পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অলি-গলি হয়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আবার জরিমানা এড়াতে অপ্রয়োজনীয় দোকানগুলোও খোলা হচ্ছে কৌশলে। কেউ তালাবদ্ধ দোকানের সামনে দাঁড়িয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছেন। ক্রেতা আসলেই চাহিদা অনুযায়ী পণ্য গুছিয়ে মুহুর্তের মধ্যে বুঝিয়ে দিয়ে আবার তালাবদ্ধ করে দোকানের বাহিরেই দাঁড়িয়ে থাকেন তারা। আবার অনেকে তো সাটার নামিয়ে দোকানের মধ্যেই ক্রেতাদের সেবা দিচ্ছেন।যদিও এসব কিছুর বাহিরে বড় বাজারের মোকাম নগরের চকবাজার, হাটখোলা ও পোর্টরোড এলাকায় জনসমাগম হচ্ছে হরহামেসা।যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরের ১১ বাজার স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে,তবে কার্যত বাংলাবাজার,সাগরদিবাজারসহ বেশকয়েকটি বাজার দু’দিনে স্থানান্তরিত হয়নি। রাস্তায় বের হওয়া মানুষের দাবি বাজার, ঔষধ, ব্যাংকিংসহ পারিবারিক, ব্যক্তিগত এবং দাপ্তরিক প্রয়োজনে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তারা। তবে প্রয়োজনটুকু সেরেই তারা বাসায় ঢুকে যান। তবে কিছু মানুষ বিশেষ করে যুবকরা রাস্তায় বের হওয়ার যথাযথ উত্তর দিতে পারেননি, তারা নানা অজুহাতে রাস্তায় দাপিয়ে বেড়ান।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, একান্ত প্রয়োজনে কিছু মানুষ রাস্তায় বের হচ্ছেন। পুলিশসহ প্রশাসন লকডাউন শতভাগ বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে। ঘর থেকে বের না হওয়ার জন্য মানুষকে বলা হচ্ছে,আর যারা বের হচ্ছেন তাদেরকেও করোনার ভয়াবহতা সম্পর্কে বুঝিয়ে ঘরে রাখার চেষ্টা চলছে।বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন,নিজেদের সুস্থ থাকার প্রয়োজনেই জনগনের ঘরে থাকা উচিত।তারা বারবার জনগনকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে।আইন-শৃঙ্খলা বাহিনীও সরকারি নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।