করোনা শনাক্ত শেবাচিমে এবার নারী ইন্টার্ন চিকিৎসকের
আলোকিত বার্তা:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালে এবার ২৫ বছর বয়সী এক নারী ইন্টার্ন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এ নিয়ে ওই হাসপাতালের ৩ পুরুষসহ চারজন ইন্টার্ন চিকিৎসক,একজন নার্সের করোনা শনাক্ত হলেন। পাশাপাশি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের এক ছাত্রের দেহেও করোনা শনাক্ত হয়েছে।এদিকে গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় ওই নারী ইন্টার্ন চিকিৎসকসহ ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।যার মধ্যে ২৮ বছর বয়সী অপর যুবক বরিশাল নগরের বাসিন্দা ও হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার(১৯ এপ্রিল)রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।মিডিয়া সেল সূত্রে জানা গেছে,বরিশাল জেলায় এ পর্যন্ত ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।এরমধ্যে ১ জনের মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে। বরিশালের জেলা প্রশাসক এস,এম,অজিয়র রহমান জানান,রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুই ব্যক্তির অবস্থান অনুযায়ী সেখানে লকডাউন করা হয়েছে এবং তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে এবং সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হবে।উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।