বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৯ জন ছাড়পত্র পেয়েছেন।
রফিকুল ইসলাম:বরিশাল বিভাগের ৬ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৮৯ জন ছাড়পত্র পেয়েছেন।আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুইজন। একই সময়ে বরিশাল নগর ব্যতিত বিভাগের ৬ জেলায় ৮২৩ জনেক হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে বরিশালে প্রবেশ করেছেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ৫ হাজার ২৫১ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।এর মধ্য হোম কোয়ারেন্টিনে থাকা ৪ হাজার ৮৬৩ জনের মধ্যে ৩ হাজার ৮৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে থাকা ৩৮৮ জনের মধ্যে আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৮২৩ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং ৬ জেলার মধ্যে শুধু ভোলা ও পিরোজপুরে দুইজনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বিভাগের মধ্যে শুধু পিরোজপুর ও বরগুনা জেলায় ২৪ ঘণ্টায় ১৯ জনকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।এর বাইরে বিভাগে এ পর্যন্ত ৪১ জন রোগী আইসোলেশনে চিকিৎসা নেওয়ার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি হাসপাতালের দ্বারস্থ হন। যারমধ্যে ২৭ জনকে এরইমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান,বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব চালু করা হয়েছে। পাশাপাশি বিভাগের ৬ জেলার মধ্যে এ পর্যন্ত বরিশালে সাত, পটুয়াখালীতে এক, পিরোজপুরে এক, বরগুনায় দুই ও ঝালকাঠিতে তিনজনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। এছাড়া পটুয়াখালীর দুমকি ও বরগুনার আমতলীতে একজন করে দুইজনের করোনায় মৃত্যু হয়েছে। যদিও শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া দুই রোগীর করোনা রিপোর্ট নেগেটিভ আসে।