বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আলোকিত বার্তা:বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়,প্রাণঘাতী করোনা ভাইরাস(কোভিড-১৯)সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত বরিশাল জেলা কমিটির সভার সিদ্ধান্ত এবং শের ই বাংলা মেডিক্যাল কলেজ(শেবাচিম)হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সুপারিশে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হলো।
জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।এছাড়া সব ধরনের গণপরিবহন,জনসমাগম বন্ধ থাকবে।তবে জরুরি পরিষেবা,চিকিৎসা সেবা,কৃষি পণ্য,খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ,বিদ্যুৎ,গ্যাস, ফায়ার সার্ভিস,টেলিফোন,ইন্টারনেট,ব্যাংকিং সেবা,মোবাইল ব্যাংকিং,ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী ইত্যাদি এবং সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা এর আওতা বহির্ভুত থাকবে।জনস্বার্থে জারি করা এ আদেশ রোববার থেকে কার্যকর হবে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। একই সঙ্গে উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।