বরিশালেও করোনা আক্রান্ত ২ জন
আলোকিত বার্তা:বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুই রোগীর নমুনা পরীক্ষার পর তা পজিটিভ এসেছে।জেলায় এটাই প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হলো। মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা এ দু’টিই প্রথম রিপোর্ট যাতে করোনা পজিটিভ এলো।রোববার(১২ এপ্রিল)বিকেলে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বাংলানিউজকে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই বৃদ্ধ আগের চেয়ে সুস্থ রয়েছেন।
এদিকে হাসপাতালে সূত্রে জানা যায়,করোনায় আক্রান্তদের মধ্যে একজন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা।তার বয়স ৬০ বছর।অপরজন বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গার হাট এলাকার বাসিন্দা।তার বয়স ৬৫ বছর।দু’জনেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ৮ এপ্রিল ভর্তি হন।১১ এপ্রিল শনিবার এই দুই রোগীর নমুনা সংগ্রহ করা হয়।গত এক মাসের বেশি সময়ে দেশের ৩০টির বেশি জেলায় করোনা ছড়ালেও বরিশালে এটাই প্রথম।