১২ ব্যক্তি ও ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পাখি আক্তার:করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে গৃহীত প্রতিরোধমূলক কার্যক্রম ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল নগরসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার(১০ এপ্রিল)দিনভর এসব অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ও ১২ ব্যক্তিকে ২০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।পুলিশ ও সেনাবহিনীর সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন পরিচালিত অভিযানে সরকারি আদেশ অমান্য করায় নগরের বিভিন্ন এলাকায় দু’টি দোকান ও ১১ ব্যক্তিকে ১৫ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি বেশ কয়েকটি মসজিদে গিয়ে জুমার নামাজে জন-সমাগম না করার জন্য এবং স্ব-স্ব বাড়িতে নামাজ আদায় করার জন্য নির্দেশনা দেওয়া হয় ও মসজিদের মাইকে তা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি)মো.তরিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষেধাজ্ঞা সত্ত্বেও খেয়া পরাপার করায় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মনিরা খাতুন অভিযান চালিয়ে চারটি অপ্রয়োজনীয় দোকান মালিককে চার হাজার টাকা জরিমানা করেন।এছাড়া মানুষকে ঘরে রাখতে জেলাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।বরিশাল নগরে সকাল থেকে মোটরসাইকেলসহ কোনো অপ্রয়োজনীয় যানবাহন চলাচল করতে দেয়নি পুলিশ।নিষেধ অমান্য করে যারা সড়কে নেমেছিল তাদের ও যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রো পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. রফিকুল ইসলাম।
এদিকে শুক্রবার বিকেল পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন হাজার ৭১৮ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। যেখানে সর্বমোট ৩৬.৬৫ মেট্রিক টন চাল ও নগদ দুই লাখ টাকা বিতরণ করা হয়। এর পাশাপাশি সিটি করপোরেশনের মেয়রের উদ্যোগে বরিশাল নগরে প্রায় দেড় হাজার ও সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের উদ্যোগে বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া কার্যক্রম অব্যাহত রয়েছে।জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জেলার দরিদ্র ও কর্মহীন অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দেয়ার অভিপ্রায় ব্যক্ত করে তিনি সবাইকে ঘরে থাকার অনুরোধ করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।করোনা পরিস্থিতিতে এখন পর্যন্ত এ জেলায় ৮০০ মেট্রিক টন চাল ও নগদ ৩৭ লাখ টাকা এবং শিশুখাদ্য বাবদ তিন লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।