কুষ্ঠ রোগীদের জন্য ওষুধ তৈরি এবং বিনামূল্যে বিতরণের জন্য স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান - Alokitobarta
আজ : সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

কুষ্ঠ রোগীদের জন্য ওষুধ তৈরি এবং বিনামূল্যে বিতরণের জন্য স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের আগেই দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।লক্ষ্য অর্জনে সহায়তা প্রদানে কুষ্ঠ রোগীদের জন্য ওষুধ তৈরি এবং বিনামূল্যে বিতরণের জন্য স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।প্রধানমন্ত্রী বলেছেন,আমাদের দেশে অনেক ওষুধ কোম্পানি রয়েছে,যারা বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রফতানি করে এবং তাদের ওষুধের মান খুবই ভালো। তাই আমি তাদের বিশেষায়িত ওষুধ তৈরি করার জন্য অনুরোধ জানাতে চাই,যা কুষ্ঠ রোগীদের জন্য দরকার।এসব ওষুধ রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করার ব্যবস্থা করুন, যা দ্রুত আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে স্থানীয় হোটেলে ‘২০৩০ সালের মধ্যে শূন্য কুষ্ঠ উদ্যোগ’ শীর্ষক জাতীয় সম্মেলন-২০১৯ উদ্বোধন করেন।

শেখ হাসিনা ২০৩০ সালের আগেই কুষ্ঠমুক্ত দেশ গড়তে জাতীয় কুষ্ঠ কার্যক্রম জোরদারে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং মাঠপর্যায়ের কর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা যদি আন্তরিকভাবে কাজ করি, তাহলে ২০৩০ সালের অনেক আগেই কুষ্ঠমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জনে সক্ষম হব। কুষ্ঠ রোগীরা সমাজের অংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সঙ্গে আচরণ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী কুষ্ঠ রোগীদের প্রতি সামাজিক সচেতনতা সৃষ্টি এবং নেতিবাচক মনোভাব পরিহারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই, তারা আমাদের সমাজেরই অংশ। তাই তাদের দূরে ঠেলে দেয়া সঠিক নয়। কোনো ব্যক্তির দেহে কুষ্ঠ রোগ শনাক্ত হলে আপনাদেরকে সহানুভূতির সঙ্গে আচরণ করতে হবে এবং তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন, সেজন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটি খুবই জরুরি।স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম, জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডব্লিওএইচও শুভেচ্ছাদূত ইওহেই সাসাকাওয়া বিশেষ অতিথি ছিলেন। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম স্বাগত বক্তৃতা করেন। কুষ্ঠ রোগ ও এর চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কিত প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী কুষ্ঠ রোগ শনাক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিকিৎসক ও সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কুষ্ঠ রোগের কারণে প্রতিবন্ধী লোকদের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে চাকরি থেকে অবশ্যই বাদ দেয়া যাবে না বরং প্রতিবন্ধী লোকের জন্য একটি অনুকূল কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে।কুষ্ঠমুক্ত দেশ গঠনে তার সরকারের দীর্ঘ পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার ১৯৯৬ সালে দায়িত্ব গ্রহণের পর এই রোগ নির্মূলে নানা কর্মসূচি গ্রহণ করেছিল। তিনি বলেন, ‘তখন সেই সব পদক্ষেপের সুফল হিসেবে ১৯৯৮ সালে দেশে কুষ্ঠ রোগীর সংখ্যা প্রতি ১০ হাজারে একজনে নামাতে সক্ষম হয়েছিলাম। আমরা ২০০০ সালের পরিবর্তে ১৯৯৮ সালের মধ্যেই এমডিজি লক্ষ্যমাত্রা অর্জন করেছিলাম।’

শেখ হাসিনা বলেন, উত্তরবঙ্গ ও পার্বত্য চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় কুষ্ঠ রোগীর সংখ্যা বেশি। তিনি বলেন, ১৯৮৫ সালে ৩৫ দশমিক ৫৮ শতাংশ কুষ্ঠ রোগী হাসপাতালে চিকিৎসার জন্য আসত। এই হার হ্রাস পেয়ে আট শতাংশের নিচে নেমে এসেছে। এটা তার সরকারের অনেক বড় অর্জন বলে জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, এখন সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আমার সরকার এই হারকে শূন্যে নামিয়ে আনতে চায়। শেখ হাসিনা বলেন, কুষ্ঠ রোগীদের ব্যাপারে সামাজিক বৈষম্য দূর করার মাধ্যমে মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষের জন্য ব্রিটিশ সরকার প্রবর্তিত পুরনো আইন পরিবর্তন করে ২০১১ সালে নতুন আইন প্রণয়ন করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘কুষ্ঠ রোগীদের বাড়িতে আলাদা করে আটকে রাখার বিষয় নয়। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদেরকে সমাজের অংশ হিসেবে মেনে নিতে হবে।প্রধানমন্ত্রী বলেন, বছরে দেশে প্রায় ৩ হাজার ৫শ’ থেকে ৪ হাজার কুষ্ঠ রোগী শনাক্ত হচ্ছে এবং উপজেলা সদর হাসপাতাল ও কুষ্ঠ হাসপাতালগুলোয় তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই ‘কানাকে কানা ও খোঁড়া কে খোঁড়া’ না বলার শিক্ষা দিতে হবে।’ প্রধানমন্ত্রী বাংলাদেশে কুষ্ঠ রোগ নিরাময় কার্যক্রমে অংশগ্রহণকারী সব বেসরকারি সংস্থাকে তাদের অব্যাহত প্রচেষ্টা এবং কুষ্ঠ রোগী তথা কমিউনিটির সেবার জন্য বিশেষ ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের মানুষ এখন কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতন। শেখ হাসিনা বলেন, ঢাকা, সিলেট ও নীলফামারী জেলায় সরকারের তিনটি বিশেষায়িত হাসপাতাল কুষ্ঠ আক্রান্তদের চিকিৎসা ও সেবা সুবিধা দিচ্ছে।

২০৩০ সালের মধ্যেই কুষ্ঠ নির্মূল হবে : যুগান্তর রিপোর্টার জানান, জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাপান সরকারের মানবাধিকারবিষয়ক শুভেচ্ছাদূত ইওহেই সাসাকাওয়া বলেছেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবশ্যই কুষ্ঠ নির্মূল হবে। এ বিষয়ে এ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সবাই প্রতিশ্রুতিবদ্ধ। কেন হবে, কীভাবে সেটি বড় বিষয় নয়। কেউ যদি কোনো লক্ষ্য স্থির করে অগ্রসর হয়, তবে অবশ্যই তিনি সফল হন। এ কারণেই এ দেশ থেকে কুষ্ঠ নির্মূল হবে।বুধবার সকালে স্থানীয় একটি হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি হোটেলের বল রুমে ‘জিরো লেপ্রসি ইনিসিয়েটিভ-২০৩০’ সংক্রান্ত জাতীয় সম্মেলন-২০১৯-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নিপ্পন ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর শোতা নাকাউয়েসু উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্যমাত্রা ছিল চিকিৎসা গ্রহণকারী কুষ্ঠরোগীর সংখ্যা দশ হাজারে ১ জনের নিচে নামিয়ে আনা। বাংলাদেশে ১৯৯৮ সালে সেই লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তবে এখনও দেশের কয়েকটি জেলা-উপজেলায় এ রোগের বিস্তার রয়েছে। সমন্বিতভাবে কাজ করলে দ্রুত এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব।তিনি বলেন, না জানা এবং না বোঝার কারণে অনেকে এ রোগে আক্রান্ত হয়ে থাকে। জীবনযাত্রার মানোন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে কুষ্ঠ প্রতিরোধ করা সম্ভব। গবেষণায় দেখা গেছে, অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস এবং অপুষ্টিতে ভোগেন এমন লোকরাই কুষ্ঠতে আক্রান্ত হয়ে থাকে।সাসাকাওয়া বলেন, কুষ্ঠ নির্মূলে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারে এক জনের কুষ্ঠ হলে পরিবারের অন্যদেরও প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় আনতে হবে। এছাড়া স্কুলের শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতামূলক ধারণা দেয়া যেতে পারে। প্রসঙ্গত, ইওহেই সাসাকাওয়া জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাপান সরকারের মানবাধিকারবিষয়ক শুভেচ্ছাদূত। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুষ্ঠবিষয়ক শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাপী কুষ্ঠ নির্মূলে যে অর্থ ব্যয় হয় তার প্রধান দাতা তিনিই।

Top