খালেদা জিয়ার কোনো ক্ষতি জনগণ মেনে নেবে না বলে হুশিয়ার করে দিয়েছেন বিএনপির - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কোনো ক্ষতি জনগণ মেনে নেবে না বলে হুশিয়ার করে দিয়েছেন বিএনপির


আলোকিত বার্তা:খালেদা জিয়ার কোনো ক্ষতি জনগণ মেনে নেবে না বলে হুশিয়ার করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন,খালেদা জিয়া অসুস্থ,তার সঙ্গে এখন আর দেখা করতে দেয়া হচ্ছে না,সন্দেহ হচ্ছে,তাকে চিকিৎসার নামে অপচিকিৎসা করা হচ্ছে কিনা,ক্ষতি করার জন্য।খালেদা জিয়ার ক্ষতি হলে তার হিসাব জনগণ পাই পাই করে নেবেন।সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বরিশাল গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসএমএমইউর ডাক্তারদের আগামী ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সঠিক প্রতিবেদন আদালতে উপস্থাপনের দাবি জানান মির্জা আব্বাস। তিনি বলেন, আগামী ৫ তারিখে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিমকোর্টে উপস্থাপন করা হবে। আমরা চাই এই প্রতিবেদন যে অবস্থায় আছে সেই অবস্থায় উপস্থাপন করা হোক। অবিকৃত অবস্থায় উপস্থাপন করা হোক। পরিবর্তন যেন না করা হয়। তা হলে দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রকৃত অবস্থা জানা যাবে।

বিএনপির কর্মীদের গ্রেফতারের ভয় দেখিয়ে লাভ নেই মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, আমাদের আলাল সাহেব (যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল) তথ্য দিলেন আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন মামলার সংখ্যা ২৬ লাখ নয়, ৩৫ লাখ। অর্থাৎ আমাদের ৩৫ লাখ নেতাকর্মী গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত রয়েছেন, তাদের বাবা-মা-ভাই ও বোনেরাও রয়েছেন। সুতরাং আওয়ামী লীগের সতর্ক হওয়া উচিত। বাংলাদেশের কোটি কোটি বিএনপির সমর্থক এবং জনগণ ক্ষিপ্ত হয়ে রয়েছে। কখন কী হবে বুঝতে পারছেন না।

সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

Top