বঙ্গোপসাগরে আরো গভীর নজরদারি করতে যাচ্ছে ভারত। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিদ্যুতে সরকারের প্রতি অসন্তুষ্ট ৮৯.৪%,গণভোট বাস্তবায়ন চান ৭০ শতাংশ, ‘সবার জন্য সমান’ নীতি বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ অস্বস্তি ,রাজনীতিতে নানা আলোচনা বরিশালে এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ‘বিশেষ ছাড়’ নেই গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে কোনো গোপন শর্তে নয় ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে বিএনপি নেতাকর্মীরা লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় কার্যালয়ে হামলা ও কর্মকর্তাদের লাঞ্ছিত করে পরে ডিসি প... একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল এক হাজার টাকা ভাড়া মারছি, জমা ১২শ,গ্যাস সংকটে হিমশিম চালকরা

বঙ্গোপসাগরে আরো গভীর নজরদারি করতে যাচ্ছে ভারত।


আলোকিত বার্তা:বঙ্গোপসাগরে আরো গভীর নজরদারি করতে যাচ্ছে ভারত।প্রতিবেশি বাংলাদেশের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতির গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত বঙ্গোপসাগরে নজরদারির জন্য উপকূলীয় অঞ্চলে এখন ২০টি রাডার সিস্টেমের একটি নেটওয়ার্ক বসাতে যাচ্ছে ভারত।বাংলাদেশে নতুন এই উপকূলীয় নজরদারি রাডার সিস্টেমের সহায়তা পাবে ভারত। সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূল হয়ে ভারতে সন্ত্রাসীদের হামলা তৎপরতা শনাক্ত করতে পারবে এই রাডার। এমনকি প্রতিবেশি চীনের সমুদ্র অঞ্চলেও গভীর পর্যবেক্ষণ চালাতে পারবে নয়াদিল্লি; যেখানে গত কয়েক দশক ধরেই চীনের পিপলস লিবারেশন আর্মির যুদ্ধজাহাজ প্রায়ই মোতায়েন করা হয়।
শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দুই দেশের মাঝে সাতটি চুক্তি সই ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মধ্যে রয়েছে উপকূলে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার (কোয়েস্টাল সারভাইল্যান্স সিস্টেম-সিএসএস) বিষয়ে সমঝোতা স্মারক।

চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরে ভারতের নজরদারির অংশ হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ২০টি রাডার সিস্টেমের একটি নেটওয়ার্ক বসাবে ভারত। ডেকান হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরের অন্যান্য দেশগুলোতেও উপকূলীয় নজরদারির এই নেটওয়ার্ক স্থাপন করছে নয়াদিল্লি। এই তালিকায় রয়েছে মৌরিশাস, শ্রীলঙ্কা, সিচিলিস ও মালদ্বীপ।এছাড়া চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনেও একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই হয়েছে; এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের এ দুই বন্দর ব্যবহার করে দেশটির পূর্বাঞ্চল ও উত্তরপূর্বাঞ্চলে অবাধে পণ্য পরিবহণ করতে পারবে ভারত।

বৈঠকে এ দুই নেতা আরো বেশ কিছু কানেক্টিভিটি প্রকল্পের ব্যাপারে আলোচনা করেছেন। এই কানেক্টিভিটি শুধুমাত্র ভারত-বাংলাদেশের সঙ্গে স্থাপন নয়; বরং প্রতিবেশি নেপাল এবং ভূটানকে সংশ্লিষ্ট করা নিয়েও আলোচনা হয়। ২০১৫ সালের ১৫ জুন স্বাক্ষরিত বাংলাদেশ-ভূটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর যান চুক্তির প্রস্তাবনা বাস্তবায়নের ব্যাপারে যৌথ উদ্যোগ নিতে দুই দেশ একমত হয়েছে। ভূটানের জাতীয় পরিষদ এই চুক্তির বিরোধীতা করায় এখনো সেটি কার্যকর করা যায়নি।তবে চার দেশের মোটর যান চুক্তি বাস্তবায়ন করা না গেলে বিকল্প উপায়ের ব্যাপারে কথা বলেছেন মোদি-হাসিনা। বিকল্প হিসেবে চার দেশকে সংযুক্ত করার পরিকল্পনা বাদ দিয়ে নতুন করে ভারত-বাংলাদেশ মোটর যান চুক্তি শিগগিরই বাস্তবায়ন করা হতে পারে।শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বাধিক অগ্রাধিকার দেয় ভারত। বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান সহযোগিতা পুরো বিশ্বের জন্য প্রতিবেশীর সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত এক দশকে আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন প্রথাগত সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ব্লু ইকোনমি, মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইডথ রফতানি ও সাইবার সিকিউরিটিসহ বিভিন্ন খাতে উভয় দেশ সহযোগিতা সম্প্রসারিত করেছে।নয়াদিল্লি উপকূলে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার (কোয়েস্টাল সারভাইল্যান্স সিস্টেম-সিএসএস) জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করে ২০১৫ সালে। কিন্তু নয়াদল্লির এই প্রস্তাবে রাজি হতে সতর্কতা অবলম্বন করে বাংলাদেশ; কারণ ভারতের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হলে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কে জটিলতা তৈরির শঙ্কা নিয়ে দুশ্চিন্তায় ছিল ঢাকা।

ভারতের স্থাপিত এসব রাডার সিস্টেম বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তায় কাজ করবে বলে বলা হচ্ছে। তবে এই নেটওয়ার্ক ভারতের জন্য কৌশলগত সম্পদ এবং ভারতীয় নৌবাহিনীর জন্য হবে সহায়ক। ভারতীয় নৌবাহিনী দেশটির জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো ধরনের সামুদ্রিক সন্ত্রাসী হুমকি সনাক্তের পর তার জবাব দিতে সক্ষম হবে।গত মাসে ভারতীয় নৌবাহিনীর গোয়েন্দা বিমান ভারত মহাসাগরের আশপাশে চাইনিজ লিবারেশন আর্মি নেভির (পিএলএএন) সাতটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে বলে সনাক্ত করে। গত বছর ভারত মহাসাগরে পিএলএএনের টাইপ ০৩৯এ ইউয়ান ক্লাসের একটি সাবমেরিন সনাক্ত করে ভারতীয় নৌবাহিনী।

ভূটানের পশ্চিমাঞ্চলের বিতর্কিত ডোকলাম সীমান্তে ২০১৭ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ভারত এবং চীনের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়। ওই সময় দুই দেশের সামরিক বাহিনী ডোকলামে মুখোমুখি অবস্থানে যায়। এ ঘটনার পর প্রথমবারের মতো ভারত মহাসাগরে পিএলএএনের সাবমেরিন সনাক্ত করে ভারত। সেই সময় দুই দেশের সেনাবাহিনীর মাঝে ৭২ দিনের অচলাবস্থা দেখা দেয়; এই সময় পর্যন্ত ভারত মহাসাগরে চীনা নৌবাহিনী ১৪টি যুদ্ধজাহাজ মোতায়েন রাখে।চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ভারত মহাসাগরে প্রথমবারের মতো যুদ্ধজাহাজ মোতায়েন করে ২০১৩ সালে। সেই সময় অ্যাডেন উপসাগরে জলদস্যুবিরোধী অপারেশনের অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।ভারত মহাসাগরীয় অঞ্চল ও ভারতের আশপাশে চীন কৌশলগত স্ট্রিং অব পার্লস সম্পদ গড়ে তোলায় নয়াদিল্লি উদ্বিগ্ন।

গত বছরের ডিসেম্বরে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবার চারদিনের সফরে ভারতে যান শেখ হাসিনা। চলতি বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত ভারতের নির্বাচনে দেশটির ক্ষমতায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয়ের পর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে শেখ হাসিনার এটি দ্বিতীয় বৈঠক। গত ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ফাঁকে ভারতের এই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Top