গ্রহণযোগ্য নয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি - Alokitobarta
আজ : সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রহণযোগ্য নয় ধর্ম নিয়ে বাড়াবাড়ি


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মাটিতে বসবাসকারী সবাই সম্মানের সাথে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন।বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এটাই তার সরকারের চাওয়া। তবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয়।বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীদের সঙ্গে সোমবার গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে তিনি সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে, সম্মানের সাথে, স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন।শেখ হাসিনা বলেন, সবাই যার যার ধর্ম সম্মানের সাথে, নিষ্ঠার সাথে, স্বাধীনভাবে পালন করবেন সেটাই আমরা চাই। সব ধর্মই শান্তির কথা বলে। এটাই বিশ্বাস করি যে, ধর্ম যার যার উৎসব সবার। এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন করা হয়, যে ধর্মের উৎসবই হোক, সবাই মিলেই কিন্তু সেটা উদযাপন করে।

ধর্ম নিয়ে বাড়াবাড়ি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, কোনটা সঠিক, কোনটা সঠিক নয় সে সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা নেবেন। সেই সিদ্ধান্তের দায়িত্ব কিন্তু কোনো মানুষকে সৃষ্টিকর্তা দেননি।সাম্প্রদায়িক সম্প্রীতিতে সারা বিশ্বে বাংলাদেশের দৃষ্টান্ত স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সহনশীলতা ও এই ভ্রাতৃত্ববোধ সবার মাঝে থাকুক। কোনো সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে।সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ এগুলো এখন সারা বিশ্বে সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আসলে জঙ্গি জঙ্গিই, তাদের কোনো ধর্ম নেই, দেশ নেই, সমাজ নেই। তারা জঙ্গি, এটাই হলো বাস্তবতা।উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি আরো বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, ধর্ম-বর্ণ দলমত নির্বিশেষে সকল মানুষেরই জীবনমান উন্নত হোক সেটাই আমরা চাই।প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই বাংলাদেশ সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত হবে। বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো। এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

Top