মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় - Alokitobarta
আজ : সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন’-এর গভীর উদ্বেগ; বি...

মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড়


বরিশাল:বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল-ভাউচার, টেন্ডার নিয়ন্ত্রণ, ঠিকাদারি ব্যবসা পরিচালনা ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ২৪ জন ঠিকাদার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন স্থানীয় নাগরিক সাকিল আহম্মেদ।

অভিযোগকারীদের দাবি, নির্ধারিত কমিশন না দিলে কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পরও বিল আটকে রাখা হয়। এমনকি মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কাগজে-কলমে কাজ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলনের অভিযোগ রয়েছে। কাজের জামানত ফেরত পেতেও অতিরিক্ত অর্থ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। প্রতিশোধমূলক হয়রানির আশঙ্কায় কয়েকজন ঠিকাদার ছদ্মনামে বক্তব্য দিয়েছেন।

এ ছাড়া গত বছরের ২৯ নভেম্বর ঠিকাদার ফারুক হোসেনকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শহিদুল ইসলামের বিরুদ্ধে। পরদিন ৩০ নভেম্বর তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেন (নম্বর-২০৭৬)। সরকারি রেস্ট হাউস ব্যক্তিগত ও অনৈতিক কাজে ব্যবহারের অভিযোগও লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে।

অফিসে অনুপস্থিতি নিয়েও প্রশ্ন

দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে কার্যালয়ে মাত্র চার-পাঁচজন স্টাফকে পাওয়া যায়। উচ্চমান সহকারী আবু রহিমের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা, জেলা ও প্রকৌশলী কার্যালয় মিলিয়ে মোট ২৫ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ১১ জন মাঠপর্যায়ে এবং ১৪ জন অফিসে দায়িত্ব পালন করেন।

হাজিরা খাতা পর্যালোচনায় সহকারী প্রকৌশলী মো. আক্তারুজ্জামানকে চার-পাঁচ কার্যদিবস, মো. আবির হাসানকে দুই দিন, মো. আফজাল হোসেনকে পাঁচ দিন এবং উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমান ও সাদিয়া সুলতানা জেবাকে দুই দিন করে অনুপস্থিত দেখা যায়। তবে তাঁদের ছুটি বা মাঠপর্যায়ের দায়িত্বের অনুমোদন ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, মাঠপর্যায়ে কাজ করা কর্মকর্তাদের হাজিরা খাতায় স্বাক্ষর থাকা অতটা গুরুত্বপূর্ণ নয়। আনুষ্ঠানিক বক্তব্য চাইতে গেলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসার কথা বলেন।

মানববন্ধনে বাধা ও ব্যানার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

গত ২২ সেপ্টেম্বর নগরীর ভাটারখাল এলাকায় দপ্তরের সামনে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন করেন ক্ষুব্ধ ঠিকাদাররা। অভিযোগ রয়েছে, কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি নেতা ও ঠিকাদার মোমেন সিকদার এবং তাঁর সঙ্গে থাকা গাড়িচালক ইব্রাহিম ও অফিস সহকারী তন্ময় আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেন এবং হুমকি দেন।

মানববন্ধনে অংশ নেওয়া বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল খান অভি অভিযোগ করেন, শহিদুল ইসলাম পছন্দের ঠিকাদারদের কাজ দেন এবং কমিশন ছাড়া বিলে স্বাক্ষর করেন না। জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবও আন্দোলনকারীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন। তবে ব্যানার ছিনিয়ে নেওয়ার বিষয়ে মোমেন সিকদার সন্তোষজনক ব্যাখ্যা দেননি।

নিজেই ঠিকাদারি ব্যবসার নিয়ন্ত্রক—এমন অভিযোগ

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে সরকারি প্রকৌশলীর দায়িত্ব পালনের পাশাপাশি বেনামে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণের। অভিযোগ অনুযায়ী, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জরাজীর্ণ ভবন সংস্কারে মেসার্স কবির এন্টারপ্রাইজ ৩ কোটি ২২ লাখ এবং মেসার্স খান ট্রেডিং ৭৮ লাখ টাকা ব্যয়ে মোট ৪ কোটি টাকার কাজ সম্পন্ন করে। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠান দুটির বকেয়া বিল আটকে রেখে মাদার কনস্ট্রাকশন, কে পি বিল্ডার্স, পিপন কনস্ট্রাকশন, ওয়ারিসা এন্টারপ্রাইজ, মা এন্টারপ্রাইজ ও আরিফ বিল্ডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া বিল-ভাউচার ও পেপার টেন্ডারের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। এ প্রক্রিয়ায় দপ্তরের হিসাবরক্ষক মো. শহিদুর রহমানের সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

এ ছাড়া গত ৭ অক্টোবর ২০২৬ বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের ১ কোটি ৩৭ লাখ টাকার একটি কাজ মেসার্স মাদার কনস্ট্রাকশনকে দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা নিয়ে সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ এবং ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিতর্কিত নেতা ফয়সাল হোসেন জুয়েলের সংশ্লিষ্টতার অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, মেসার্স মোমিন সিকদার, মা এন্টারপ্রাইজ, ইউনুস অ্যান্ড ব্রাদার্স ও রাফিদ ট্রেডার্সের নামে প্রায় ৩২ কোটি টাকার কারিগরি স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এবং বরিশাল কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজের টেন্ডার নিয়ন্ত্রণ করা হয়েছে।

দুদকের কাছে যেসব তদন্ত দাবি

সাকিল আহম্মেদের লিখিত অভিযোগে শহিদুল ইসলামের নিয়োগপ্রক্রিয়া ও পিএসসি প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলী জীবন চক্রের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা, ঘুষ-দুর্নীতির মাধ্যমে ঢাকা ও বরিশালে নামে-বেনামে জমি, ফ্ল্যাট, গাড়ি ও সম্পদ অর্জন এবং মানববন্ধনে হামলা ও হুমকির অভিযোগ তদন্তের দাবি জানানো হয়েছে।

অভিযোগকারীদের মতে, দপ্তরের মূল নথি, পরিমাপ বই (এমবি বুক), ব্যাংক লেনদেন, আয়কর রিটার্ন এবং প্রকল্পের বাস্তব অগ্রগতি যাচাই করলেই অভিযোগগুলোর সত্যতা নিরূপণ সম্ভব।

অভিযোগ অস্বীকার নির্বাহী প্রকৌশলীর

অভিযোগের বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য, কিছু ঠিকাদার নিয়মবহির্ভূত সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছেন। দপ্তরের সব প্রকল্প সরকারি বিধিমালা মেনেই স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

তবে একের পর এক অভিযোগ, ঠিকাদারদের মানববন্ধন, হাজিরা খাতায় অনুপস্থিতির তথ্য এবং সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নের পরিপ্রেক্ষিতে শিক্ষা বিভাগ ও দুদকের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রশ্ন—সরকারি অর্থে বাস্তব কাজ কতটুকু হয়েছে, আর কাগজে-কলমে কতটুকু দেখানো হয়েছে?

Top