পটুয়াখালী গণপূর্তের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, বাঁশ-কাঠের সাটারিংয়ে চলছে ঢালাই ! - Alokitobarta
আজ : রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন’-এর গভীর উদ্বেগ; বি... সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ,বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন... সিপিডির ন্যূনতম মজুরি প্রস্তাবে বিজিএমইএর আপত্তি, দ্বৈত গণনার অভিযোগ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও এসআরবি-বিজিবি প্রধান

পটুয়াখালী গণপূর্তের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, বাঁশ-কাঠের সাটারিংয়ে চলছে ঢালাই !


পটুয়াখালী:- পটুয়াখালী মেডিকেল কলেজের নির্মাণকাজে সরকারি নির্মাণবিধি ও প্রকৌশলগত মানদণ্ড উপেক্ষার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগের বিরুদ্ধে। কলেজের সংযোগ করিডর নির্মাণের ঢালাই কাজে সাটারিংয়ের জন্য বাঁশ ও কাঠ ব্যবহার,কংক্রিটের মিশ্রণে বালু-পাথরের অনুপাত নিয়ে প্রশ্ন এবং সন্ধ্যার পরও ঢালাইয়ের কাজ চালিয়ে যাওয়ার চিত্র দেখা গেছে। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতেই এসব কাজ চলছে বলে জনমুখে অভিযোগ রয়েছে।

পটুয়াখালী গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন মেডিকেল কলেজের নির্মাণকাজের বিভিন্ন অংশ ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিশেষ করে সংযোগ করিডরের কলাম ও ছাদ ঢালাইয়ের প্রস্তুতিকালে সাটারিংয়ের কাজে বাঁশ ও কাঠের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি কংক্রিট তৈরির সময় বালু ও পাথরের মিশ্রণের অনুপাত নিয়েও অসংগতি দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।
নির্মাণকাজের সরেজমিন চিত্র ধারণ করতে গিয়ে সন্ধ্যার পরও পটুয়াখালী মেডিকেল কলেজের সংযোগ করিডরের কলাম ও ছাদ ঢালাইয়ের কাজ চলতে দেখা গেছে। সন্ধ্যার পর ঢালাইয়ের কাজ পরিচালনার ক্ষেত্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নির্মাণসামগ্রীর গুণগত মান নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় প্রকৌশলগত তদারকি নিশ্চিত করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের সাবেক দায়িত্বপ্রাপ্ত এসডি ও এসও পর্যায়ের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ২০১৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজে বাউন্ডারি দেয়াল ছাড়া ছোট-বড় সব ধরনের নির্মাণকাজে স্টিল প্লেট ও জিআই পাইপ ব্যবহার বাধ্যতামূলক। তিনি আরও জানান, নির্ধারিত এ নিয়মের কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তা নির্মাণবিধির লঙ্ঘন এবং অনিয়ম বা দুর্নীতির পর্যায়ে পড়তে পারে বলে বিষয়টি তিনি প্রতিবেদককে নিশ্চিত করেন।
সাবেক ওই কর্মকর্তার বক্তব্যের পর চলমান নির্মাণকাজে সাটারিংয়ের জন্য বাঁশ ও কাঠ ব্যবহারের বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে। ফলে সংশ্লিষ্ট প্রকল্পে অনুমোদিত নকশা, কারিগরি স্পেসিফিকেশন ও নির্ধারিত নির্মাণপদ্ধতি অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাইয়ের দাবি উঠেছে।
নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের গুণগত মান, সিমেন্ট-বালু-পাথরের নির্ধারিত অনুপাত এবং প্রকৌশলগত তদারকি যথাযথভাবে হচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নির্মাণকাজের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নির্ধারিত মান ও কারিগরি নির্দেশনা উপেক্ষা করা হলে ভবিষ্যতে স্থাপনার স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে নির্মাণকাজের অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও ছবি-ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হচ্ছে । ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিভিন্নভাবে সাংবাদিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন । সরকারি অর্থে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্মাণকাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠার পরও গণপূর্ত বিভাগ থেকে প্রকল্পের বাজেট, কাজের পরিমাণ, কার্যাদেশ এবং কাজের নির্ধারিত স্পেসিফিকেশন বা ম্যানুয়াল-সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে নির্বাহী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং মাঠপর্যায়ে তদারকির দায়িত্বে থাকা এসও পর্যায়ের কর্মকর্তাদের কাছে জানতে চাওয়া হলেও সন্তোষজনক তথ্য পাওয়া যাচ্ছে না । দায়িত্বপ্রাপ্তদের কেউ কেউ নতুন দায়িত্বে যোগদানের বিষয়টি সামনে এনে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন।
প্রশ্ন উঠেছে, সরকারি অর্থে বাস্তবায়নাধীন মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নির্মাণকাজে যদি উপকরণের মান, ঢালাইয়ের পদ্ধতি এবং প্রকৌশলগত তদারকি নিশ্চিত না হয়, তাহলে এর দায়ভার কে নেবে? ঠিকাদারি প্রতিষ্ঠান কি নিজেদের ইচ্ছামতো নির্মাণকাজ পরিচালনা করছে, নাকি সংশ্লিষ্ট বিভাগের তদারকিতে রয়েছে ঘাটতি?
এ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজের চলমান নির্মাণকাজের প্রতিটি ধাপ সরেজমিনে পরীক্ষা, ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই, কার্যাদেশ ও নকশা অনুযায়ী কাজ হচ্ছে কি না তা নিরীক্ষা এবং অভিযোগের সত্যতা তদন্তের দাবি উঠেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্পের বাজেট, কার্যাদেশ ও নির্মাণকাজের বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন সচেতন মহল।
তবে এসব অভিযোগের বিষয়ে পটুয়াখালী গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া গেলে তা আগামী প্রতিবেদনে যুক্ত করা হবে।

Top