অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরকারি বাসভবন ছেড়ে যাওয়া শুরু করেছেন - Alokitobarta
আজ : শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরকারি বাসভবন ছেড়ে যাওয়া শুরু করেছেন


মু.এবি সিদ্দীক ভুঁইয়া:অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সরকারি বাসভবন ছেড়ে যাওয়া শুরু করেছেন। ইতোমধ্যে দুজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী বরাদ্দের বাসা ছেড়েছেন। তা বুঝে নিয়েছে গণপূর্ত অধিদপ্তর।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের দায়িত্বে থাকা উপদেষ্টাদের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গত ৩১ জানুয়ারি তিনি তার বাসাটি ছেড়ে দিয়েছেন। তিনি গুলশানের অ্যাভিনিউ সড়কের সিইএস(এ)-৫১, হোল্ডিং নম্বর ৯২-এ সরকারি বাসায় থাকতেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্টের ৩ নম্বর ভবনের বাসাটি ছেড়ে দেন। এছাড়া সরকারি বাসভবন ছেড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। তিনি থাকতেন হেয়ার রোডের ৬ নম্বর বাড়িতে।অন্যদিকে বাসা ছাড়ার প্রস্তুতি নিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, রেল, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও তার বাসা ছাড়ার প্রস্তুতির কথা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে জানিয়েছেন বলে জানা যায়। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান যুগান্তরকে বলেন, নির্বাচনের পরপরই তিনি বাসা ছেড়ে দেবেন। ইতোমধ্যে সবকিছু গোছগাছ করেছেন।

এ প্রসঙ্গে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান শুক্রবার টেলিফোনে বলেন, গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তার সরকারি বাসা ছেড়ে দেবেন। এ মর্মে তিনি চিঠি দিয়ে জানিয়েছেন। এছাড়া অন্য কোনো উপদেষ্টা বা বিশেষ সহকারীর বাসা ছাড়ার তথ্য তার কাছে নেই।তিনি বলেন, বাসা বরাদ্দ দেয় আবাসন পরিদপ্তর। এজন্য বরাদ্দ দেওয়ার প্রক্রিয়ার সবকিছু আবাসন পরিদপ্তর অবহিত থাকে। তবে ছেড়ে দেওয়ার বিষয়টি উপদেষ্টা বা বিশেষ সহকারীরা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী পর্যায়ে বুঝিয়ে দেন। এজন্য সব তথ্য আবাসন পরিদপ্তরের কাছে থাকে না।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামান আরও জানান, বাসা বরাদ্দসংক্রান্ত আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির মেয়াদ শেষে বাসা ছাড়তে দুই মাস সময় পান। উপদেষ্টা, বিশেষ সহকারী অথবা মন্ত্রী-প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা এ পর্যায়ের অন্যদের ক্ষেত্রে বাসা ছাড়ার বিষয়ে আইনে পরিষ্কারভাবে কিছু বলা নেই। এজন্য সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য বিষয়টি অনুসরণ করা হয়ে থাকে। সরকারের উপদেষ্টা, বিশেষ সহকারী বা অন্যদের বাসা ছাড়ার এখনো যথেষ্ট সময় আছে।এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, উপদেষ্টা বা বিশেষ সহকারীদের মধ্যে অনেকে বাসা ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দায়িত্বে থাকা উপদেষ্টাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে গণপূর্ত উপদেষ্টা বাসা ছেড়েছেন।

Top