অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ১৯ দোকানিকে ৭১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
আলোকিত বার্তা:সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ১৯ দোকানিকে ৭১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার(২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.জিয়াউর রহমান ও মো.সাইফুল ইসলাম পৃথকভাবে বরিশাল নগরে এ অভিযান পরিচালনা করেন।অভিযানে জরিমানার পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এ সময় বিভিন্ন টি-স্টল,মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করা হয় এবং নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা,মাস্ক পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় সবাইকে যৌক্তিক প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬ টার মধ্যে জরুরি ওষুধ ব্যতীত সব ধরনের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।অভিযানে আইনি সহযোগিতা দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার এবং এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সদা সচেষ্ট এবং তার নির্দেশনায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।