লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে মুলাদীতে আসায় দুই ট্রলার চালককে জরিমানা
সালেহ আহমেদ:লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে যাত্রী নিয়ে মুলাদীতে আসায় দুই ট্রলার চালককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার(১৫ এপ্রিল)বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ দণ্ড দেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস জানান, দুপুরে লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ৩২ জন যাত্রী নিয়ে মুলাদী উপজেলার সফিপুর খেয়াঘাটে একটি ট্রলার আসে।স্থানীয় চেয়ারম্যান এবং পুলিশের সহযোগিতায় ট্রলারটি আটক করা হয়।
তিনি আরও জানান, আটকের পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলারের দুই চালককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়,পাশাপাশি ট্রলারটি জব্দ করা হয়। তবে দণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানা দিতে অসমর্থ হলে তাদের থানায় আটক রাখা হয়েছে।অপরদিকে ট্রলারের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্যকর্মী এসে প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছে বলেও জানান তিনি।